সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ২২ অপরাধী গ্রেপ্তার
মোঃ আক্তার হোসেন (নারায়ণগঞ্জ প্রতিনিধি): নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ বিভিন্ন অপরাধে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দিনব্যাপী সোনারগাঁ থানার পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় এই সাঁড়াশি অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৬ জন মাদকসেবী, দুজন মাদক মামলার আসামি, দুজন পরোয়ানাভুক্ত আসামি এবং অপর দুজন বৈষম্যবিরোধী মামলার আসামি রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম-এর নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে ১৬ জন মাদকসেবীর পাশাপাশি মাদক মামলায় এমদাদুল হক ইদু ও তৌফিকুর রহমান শাহরিয়ারকে আটক করা হয়। এছাড়া বৈষম্যবিরোধী মামলায় আমান ও জোয়েল এবং পরোয়ানাভুক্ত আসামি হিসেবে মো. হৃদয় ও জজ মিয়াকে গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরোয়ানাভুক্ত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং মাদক ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
এআইএল/সকালবেলা