বালিয়াডাঙ্গীতে মিড ডে মিল পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৫১ অপরাহ্ণ
বালিয়াডাঙ্গীতে মিড ডে মিল পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

রাসেল রানা মেহেদী (ঠাকুরগাঁও): ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে 'মিড ডে মিল' কর্মসূচির খাবার পেয়ে বেজায় উচ্ছ্বসিত কোমলমতি শিক্ষার্থীরা। নিয়মিত পুষ্টিকর খাবার সরবরাহ করায় শিশুদের মধ্যে যেমন বিপুল আনন্দ দেখা দিয়েছে, তেমনি বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির হার ও পড়াশোনায় আগ্রহ দৃশ্যমানভাবে বেড়েছে বলে জানিয়েছেন শিক্ষকরা।

ঠাকুরগাঁও জেলার মধ্যে এককভাবে শুধু বালিয়াডাঙ্গী উপজেলায় এ কর্মসূচির আওতায় ১৩৮টি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১৪ হাজার ৬৩৮ জন শিক্ষার্থীর মাঝে নিয়মিত খাবার পরিবেশন করা হচ্ছে। সপ্তাহে পাঁচ দিন ডিম, কলা, বনরুটি, বিস্কুট ও ইউএইচটি দুধের মতো পুষ্টিকর খাবার তালিকায় রাখা হয়েছে। বেসরকারি সংস্থা ইএসডিও ও প্রাণের যৌথ সরবরাহে এ খাদ্য সহায়তার মান নিশ্চিত করতে নিয়মিত তদারকি চালাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

স্কুল ফিডিং প্রকল্পের কো-অর্ডিনেটর মোঃ নূর আলম ও উপজেলা শিক্ষা অফিসার অতুল চন্দ্র রায় জানান, শিশুদের স্বাস্থ্য ও পুষ্টির বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়েই খাবার সরবরাহ করা হচ্ছে। খাবারের গুণগত মান বজায় রেখে এটি চালু থাকলে প্রাথমিক শিক্ষার ঝরে পড়া রোধ হবে এবং উপস্থিতির মান বহুগুণ বাড়বে।

শিক্ষক ও অভিভাবকরা মনে করছেন, প্রত্যন্ত এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের শিশুদের বিদ্যালয়মুখী করতে এবং পুষ্টিমান সুসংহত করতে এই প্রশংসনীয় উদ্যোগটি অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে।

এআইএল/সকালবেলা