সীতাকুণ্ডে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ণ
সীতাকুণ্ডে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

মোঃ জাহিদুল ইসলাম (সীতাকুণ্ড, চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ডে দুর্বৃত্তদের অতর্কিত গুলিতে তারেক হোসেন বাপ্পি (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় তাফসির আলম শাওন (২২) নামে আরও এক যুবক গুরুতর গুলিবিদ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগরে সাদ্দামের অফিসের সামনে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত তারেক হোসেন বাপ্পি সীতাকুণ্ডের মধ্যম মাহদাবাদ এলাকার মৃত আলী আহমদের ছেলে। আহত তাফসির আলম শাওন অলিনগর এলাকার বাসিন্দা ইউসুফের ছেলে।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে বাপ্পি মোটরসাইকেল নিয়ে বের হলে দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে সজোরে গুলি চালায়। এ সময় তাঁর সাথে থাকা শাওনের বুকেও গুলি লাগে। গোলাগুলির শব্দে পুরো এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাপ্পিকে মৃত ঘোষণা করা হয়।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার সুনির্দিষ্ট কারণ অনুসন্ধান এবং ঘটনার সাথে জড়িত চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।

এআইএল/সকালবেলা