গোবিপ্রবিতে চিকিৎসা সেবা নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

প্রকাশ: বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ণ
গোবিপ্রবিতে চিকিৎসা সেবা নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ

মোঃ ইসতিয়াক আহম্মদ আসিফ, গোবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) শিক্ষার্থীদের কাছ থেকে প্রতি বছর বিপুল পরিমাণ মেডিকেল ফি আদায় করা হলেও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ উঠেছে। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে ফি’র হিসাব প্রকাশ ও সেবা নিশ্চিতসহ ৬ দফা দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের প্রায় ৯ হাজার শিক্ষার্থীর কাছ থেকে সেমিস্টারপ্রতি ২০০ টাকা করে বছরে প্রায় ৩৬ লাখ টাকা মেডিকেল ফি বাবদ আদায় করা হয়। কিন্তু অভিযোগ রয়েছে, মেডিকেল সেন্টারে গেলে প্যারাসিটামল ছাড়া প্রয়োজনীয় অধিকাংশ ওষুধ পাওয়া যায় না। এছাড়া সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সীমিত সেবা চালু থাকায় বাকি সময়ে অসুস্থদের বাধ্য হয়ে সদর হাসপাতালে যেতে হয়।

এ অবস্থার প্রতিকারে ফি’র আয়-ব্যয়ের স্বচ্ছ হিসাব নোটিশ বোর্ডে প্রকাশ, পর্যাপ্ত ওষুধ সরবরাহ, জরুরি সেবা ও প্রয়োজনীয় চিকিৎসক নিশ্চিতকরণ এবং তদারকি কমিটি গঠনসহ মোট ৬ দফা দাবি তুলেছেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে বাধ্যতামূলক মেডিকেল ফি বাতিল বা ঐচ্ছিক করার আহ্বান জানান তাঁরা।

তবে ওষুধ সংকটের অভিযোগ অস্বীকার করে সহকারী মেডিকেল অফিসার ডা. লিখন চন্দ্র বালা জানান, মেডিকেলে পর্যাপ্ত ওষুধ রয়েছে। অন্যদিকে, মেডিকেল টিমের কর্মকর্তা সহযোগী অধ্যাপক ড. মো. আসলাম জানান, শিক্ষার্থীদের দেওয়া ফি ফেরত দেওয়ার সুযোগ নেই, তবে কম খরচে ডেঙ্গুসহ বিভিন্ন পরীক্ষার সরঞ্জাম চালুর পরিকল্পনা চলছে।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সোহেল হাসান জানান, তিনি মেডিকেল টিমের সঙ্গে কথা বলেছেন এবং বিদ্যমান সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন