ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে আটক ৪২৮
জস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে নিয়মিত ও সাঁড়াশি অভিযান চালিয়ে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধ ও ওয়ারেন্টভুক্ত ৪২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
ডিএমপি সূত্রে জানা গেছে, রাজধানীর ৫০টি থানা এলাকায় একযোগে পরিচালিত এই অভিযানে অপরাধ দমনের পাশাপাশি মাদকদ্রব্য ও অপরাধে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। গত ২৪ ঘণ্টার এই অভিযানে মোট ৭৯টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির বিভিন্ন অপরাধ বিভাগের তথ্য অনুযায়ী—
মিরপুর বিভাগে সর্বোচ্চ ১১৮ জন গ্রেপ্তার হয়েছেন।
তেজগাঁও বিভাগে ৬২ জন।
ওয়ারী বিভাগে ৪৬ জন।
রমনা বিভাগে ৪২ জন।
লালবাগ বিভাগে ৪১ জন।
মতিঝিল বিভাগে ৩৯ জন।
উত্তরা বিভাগে ৩৮ জন।
গুলশান বিভাগে ৩৬ জন।
গোয়েন্দা বিভাগ (ডিবি) ৫ জন এবং সিটিটিসি বিভাগ ১ জনকে গ্রেপ্তার করেছে।
অভিযানকালে পুলিশ অপরাধীদের কাছ থেকে সুনির্দিষ্ট আলামত হিসেবে ২টি সুইচ গিয়ার চাকু, ৩৮৬ পিস ইয়াবা এবং ৭ কেজি ৯৬০ গ্রাম গাঁজা উদ্ধার করে। এ ছাড়া অপরাধে ব্যবহৃত বা চোরাই মাল হিসেবে ২টি মোটরসাইকেল, ৫টি মোবাইল ফোন, ১টি এসএসডি কার্ড এবং ১টি ল্যাপটপ জব্দ করা হয়।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীর সার্বিক নিরাপত্তা রক্ষা এবং সাধারণ মানুষের স্বস্তি বজায় রাখতে ডিএমপির এই নিয়মিত ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় প্রচলিত আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করার কাজ প্রক্রিয়াধীন রয়েছে।