আধুনিক রূপে সাজছে সৈয়দপুর পৌরসভা: বাজেটে মেগা প্রকল্প

প্রকাশ: বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ণ
আধুনিক রূপে সাজছে সৈয়দপুর পৌরসভা: বাজেটে মেগা প্রকল্প

মোঃ মাইনুল হক, নীলফামারী প্রতিনিধি: উত্তরবঙ্গের ব্যস্ততম বাণিজ্যিক শহর সৈয়দপুরকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত ডিজিটাল পৌরসভা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক ফারাহ্ ফাতেমা তাকলিমা আনুষ্ঠানিকভাবে এ বাজেট পেশ করেন।

ঘোষিত বাজেটে নাগরিক সেবার মান বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, সড়ক বাতি স্থাপন ও অবকাঠামোগত উন্নয়নকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে।

বাজেটের উল্লেখযোগ্য উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে— আরইউডিটিপি (RUDTP) প্রকল্পের আওতায় ৩০ কোটি টাকা ব্যয়ে মেগা সড়ক ও টেকসই ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ, ৩ কোটি টাকা ব্যয়ে আধুনিক কিচেন ও সমন্বিত সুপার মার্কেটের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ এবং যানজট নিরসনে ২ কোটি টাকা বরাদ্দে একটি বিশ্বমানের কেন্দ্রীয় বাস টার্মিনাল নির্মাণ।

এ ছাড়া পৌর এলাকার পরিচ্ছন্নতা, জমি ক্রয়, সৌন্দর্য বর্ধন ও হাট-বাজার উন্নয়নে ২.৬০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। একই সাথে স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা ভাতা, শিক্ষা ও পরিবেশ রক্ষায় সৌরবিদ্যুৎ ব্যবহারের ওপর বিশেষ নজর দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন