চাঁদাবাজদের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: শনিবার, ২২ আগস্ট ২০২৬, ০৯:১৯ অপরাহ্ণ
চাঁদাবাজদের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদেরও তালিকা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রেজাউল করিম মজুমদার, গাজীপুর: চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের দ্রুত গ্রেপ্তার করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২২ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) এক সন্ত্রাসী হামলায় আহত চিকিৎসকের খোঁজখবর নেওয়ার পর সাংবাদিকদের তিনি এই কড়া বার্তা দেন।

স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট জানান, যেসব এলাকায় চাঁদাবাজি বা মাদক ব্যবসা চলবে এবং স্থানীয় পুলিশ অভিযুক্তদের ধরবে না, সেই এলাকার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সরাসরি জবাবদিহিতার আওতায় আনা হবে। একই সঙ্গে চাঁদাবাজ ও অপরাধীদের মদদদাতা বা সরাসরি জড়িত পুলিশ সদস্যদেরও আলাদা তালিকা তৈরি করে শাস্তির মুখোমুখি করার প্রক্রিয়া চলছে।

গত ১৭ আগস্ট চাঁদার দাবিতে ঢাকা মেডিকেল কলেজের ইএনটি (ENT) বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের ওপর সন্ত্রাসী হামলা হয়। শনিবার আহত চিকিৎসককে দেখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আসাদুর রহমানের ওপর হামলায় জড়িত সাতজনের মধ্যে ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে আমাদের লক্ষ্য সমাজ থেকে সন্ত্রাস সম্পূর্ণ নির্মূল করা। ডিএমপিসহ দেশের সকল মেট্রোপলিটন এলাকায় অপরাধীদের বিরুদ্ধে দ্রুত অ্যাকশনে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দায়িত্ব পালনে অবহেলা করলে কোনো পুলিশ সদস্যকেও ছাড় দেওয়া হবে না।"

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং অন্যান্য রেঞ্জের ডিআইজি ও পুলিশ সুপারদের নিজ নিজ এলাকায় নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। মাদক ও চাঁদাবাজির হটস্পটগুলো চিহ্নিত করে ২৪ ঘণ্টা টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর এই কঠোর নির্দেশনার পর দেশজুড়ে চিহ্নিত অপরাধী ও তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত অভিযান অব্যাহত রয়েছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন