দিনাজপুরে বিজিবির বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন
তাজুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি: সীমান্তবর্তী এলাকার যুবদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর ব্যবস্থাপনায় পরিচালিত কম্পিউটার প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বিরল উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
এর আগে গত ২৭ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত বিরল উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সে ১০ জন সীমান্তবর্তী যুবকের অংশগ্রহণে এই প্রশিক্ষণ কোর্স পরিচালিত হয়। প্রশিক্ষণের সমাপনী দিনে যুবসমাজকে আধুনিক প্রযুক্তিতে দক্ষ ও যুগোপযোগী করে তুলতে এক সচেতনতামূলক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন। তিনি বলেন, "এই প্রশিক্ষণের মাধ্যমে সীমান্তবর্তী যুবদের দক্ষ ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার একটি বড় সুযোগ তৈরি হয়েছে। অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে প্রশিক্ষণার্থীরা কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি মাদক, চোরাচালান ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূর-ই-আলম সিদ্দিকী জানান, প্রশিক্ষণটি যুবকদের আত্মবিশ্বাস ও কর্মদক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে তরুণদের দেশের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতিতে অবদান রাখার আহ্বান জানান তিনি।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজিবি দিনাজপুর সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর তানিম হাসান খান, বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রেজাউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (দিনাজপুর) মোঃ আনোয়ার হোসেন, বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা
|