জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশ: শনিবার, ২২ আগস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ণ
জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সকালবেলা অনলাইন: প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো তাড়াহুড়ো নেই, দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে জাতীয় স্বার্থ নিশ্চিত করেই সুবিধাজনক সময়ে এই সফর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শনিবার (২২ আগস্ট) সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "ভারতের সঙ্গে বাংলাদেশ ইতিবাচক ও কার্যকর সম্পর্ক বজায় রাখতে চায়। ভারত আমাদের নিকট প্রতিবেশী হলেও অন্য যেকোনো দেশের মতো এ ক্ষেত্রেও বাংলাদেশের জাতীয় স্বার্থের সঙ্গে কোনো আপস করা হবে না।"

শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, "শেখ হাসিনা ভারতে অবস্থানরত একজন পলাতক আসামি। তাঁর বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া চলমান এবং কয়েকটি মামলায় ইতোমধ্যে রায় ঘোষণা হয়েছে, কিছু মামলা এখনও বিচারে রয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান অপরাধী প্রত্যর্পণ চুক্তির আওতায় বিষয়টি একটি নিয়মিত আইনি প্রক্রিয়ার অংশ, এটি নতুন কোনো সিদ্ধান্তের বিষয় নয়।"

তিনি আরও বলেন, "ভারতে আশ্রয় নেওয়া অন্যান্য আসামিদের ফিরিয়ে আনা এ দেশের মানুষের স্বাভাবিক ও যৌক্তিক দাবি। এ বিষয়ে ভারতের সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া হবে।"

সফরের সম্ভাব্য সময়সূচি নিয়ে প্রতিমন্ত্রী জানান, জাতীয় স্বার্থের ভিত্তিতে ঐকমত্য হলে আগামী সপ্তাহেও সফর হতে পারে, কিংবা এর পরেও হতে পারে। তবে এই সফর নিয়ে তাড়াহুড়ো করার কিছু নেই। সরকারপ্রধান পর্যায়ের একটি দ্বিপক্ষীয় বৈঠকের আগে পর্যাপ্ত প্রস্তুতি ও দ্বিপক্ষীয় আলোচনার প্রয়োজন থাকে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন