বেতাগীতে চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান

প্রকাশ: শনিবার, ২২ আগস্ট ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ণ
বেতাগীতে চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান

মোঃ সোহেল রানা, বরগুনা: বরগুনার বেতাগী উপজেলায় নিষিদ্ধ ও পরিবেশের জন্য ক্ষতিকর চায়না দুয়ারী জালের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বেশ কয়েকটি স্থান থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চায়না দুয়ারী জালের বিশেষ ফাঁদে ছোট-বড় সব ধরনের মাছ নির্বিচারে ধরা পড়ে। এতে দেশীয় মাছের প্রজনন ও বংশবৃদ্ধি মারাত্মকভাবে বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি জলাশয়গুলোর জীববৈচিত্র্য ও পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ছে।

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহ. সাদ্দাম জানান, চায়না দুয়ারী জালের ব্যবহার দেশীয় মাছের প্রজনন ধ্বংস করছে। তাই জলজ সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় বেতাগী উপজেলার সকল এলাকায় প্রশাসনের এই ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। তিনি এলাকার সর্বস্তরের জেলে ও জনগণকে এই ধ্বংসাত্মক জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান।

স্থানীয় সচেতন মহল মনে করেন, শুধু আইনি অভিযান নয়— চায়না দুয়ারী জালের ব্যবহার পুরোপুরি বন্ধ করতে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন