সরিষাবাড়ীতে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন

প্রকাশ: শনিবার, ২২ আগস্ট ২০২৬, ০৯:০৯ অপরাহ্ণ
সরিষাবাড়ীতে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন

তৌকির আহাম্মেদ হাসু, জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম গোলাম মোস্তফা ফকির ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে সাধারণ মানুষের ওপর মিথ্যা মামলা, হয়রানি ও নির্যাতনের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

শনিবার (২২ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার বারইপটল ব্রিজপাড় এলাকায় সচেতন মহল ও স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার-ফেস্টুন হাতে অংশ নিয়ে অভিযুক্তদের অপকর্মের প্রতিবাদ জানান এবং তাঁদের হয়রানি বন্ধে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।

এ সময় বক্তব্য রাখেন সরিষাবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি আশরাফ হোসেন, যুববিষয়ক সম্পাদক ও ভাটারা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসলাম হোসেন বাচ্চু, উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সালেহিন সাগর, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জাহেদুল ইসলাম তারা, বারইপটল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি প্রভাষক ইমরান হোসেন বাবু, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নিজাম উদ্দিন, ভাটারা ইউনিয়ন যুবদল নেতা জাহাঙ্গীর আলম জিকু এবং যুবদল নেতা তোতা মিয়া।

বক্তারা বলেন, এস এম গোলাম মোস্তফা ফকিরের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর সত্যতা যাচাই করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত আইনি ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের ওপর অত্যাচার বন্ধ করে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান তাঁরা।

এ বিষয়ে জানতে অভিযুক্ত এস এম গোলাম মোস্তফা ফকিরের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া না দেওয়ায় তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন