রাজশাহীতে আরএমপির ঐতিহাসিক নামফলক পুনঃস্থাপন

প্রকাশ: শনিবার, ২২ আগস্ট ২০২৬, ০৭:২১ অপরাহ্ণ
রাজশাহীতে আরএমপির ঐতিহাসিক নামফলক পুনঃস্থাপন

আবু কাওসার মাখন, রাজশাহী ব্যুরো: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কার্যক্রম শুরুর ঐতিহাসিক স্মারক হিসেবে স্থাপিত নামফলকটি পুনরায় স্থাপন করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) আরএমপির ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ এই স্মারকের পুনঃস্থাপিত নামফলক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির জানান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আনুষ্ঠানিক যাত্রা শুরুর স্মারক হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই নামফলকটি উন্মোচন করেছিলেন। কালের বিবর্তনে নামফলকটি ক্ষতিগ্রস্ত ও বিলীন হয়ে যাওয়ায় আরএমপির অতীত গৌরব ও ইতিহাস সংরক্ষণে এটি পুনঃস্থাপনের উদ্যোগ নেওয়া হয়।

নামফলক উন্মোচন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈসা, আরডিএ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট, মহানগর বিএনপির সভাপতি মো. মামুনুর রশীদসহ আরএমপির উর্ধ্বতন কর্মকর্তারা।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, এই স্মারকটি পুনঃস্থাপনের মাধ্যমে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গৌরবময় অতীত ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি প্রতিষ্ঠানটির পথচলার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সংরক্ষিত হলো।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন