ফেনীতে গাঁজাসহ কক্সবাজারের ২ মাদক কারবারি আটক
এম. জহিরুল হক মিলন, ফেনী: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী মোহাম্মাদ আলী বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ কক্সবাজারের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)।
শনিবার (২২ আগস্ট) দুপুরে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— কক্সবাজারের রামু উপজেলার শিয়াপাড়া এলাকার নূরুল ইসলামের ছেলে আজিজুর রহমান (২৫) এবং পানেরছড়া এলাকার মৃত মো. রফিকের ছেলে মো. দূর (২১)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২১ আগস্ট) রাত ৮টার দিকে ফেনী সদর উপজেলার মোহাম্মাদ আলী বাজার এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ওই দুইজনকে আটক করা হয়। পরে তাঁদের সাথে থাকা ট্রলি ও ট্রাভেল ব্যাগ তল্লাশি করে প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ১৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব-৭-এর সহকারী পরিচালক এআরএম মোজাফফর হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এআইএল/সকালবেলা
|