বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন: তথ্যমন্ত্রী

প্রকাশ: সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:২৮ অপরাহ্ণ
বর্তমান সরকারের সময়ে সাংবাদিকরা চাপমুক্ত পরিবেশে কাজ করছেন: তথ্যমন্ত্রী
বরিশালে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। (ছবি: সংগৃহীত)

বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণ ও প্রশাসনিক সংস্কারের ফলে দেশের সাংবাদিকরা পূর্বের তুলনায় অনেকটাই স্বাধীন ও চাপমুক্ত পরিবেশে বস্তুনিষ্ঠ দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে গণমাধ্যমকর্মীদের পেশাগত উন্নয়ন, কর্মক্ষেত্রের নিরাপত্তা ও সামগ্রিক কল্যাণ সুনিশ্চিত করতে বর্তমান সরকার সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে বলেও দৃঢ় আশ্বাস পুনর্ব্যক্ত করেন তিনি।

আজ সোমবার (২৭ জুলাই) সকালে বরিশাল সার্কিট হাউসের মিলনায়তনে অনুষ্ঠিত বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। বরিশাল বিভাগের সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা সুসংহত করা এবং ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’-এর অনুদান কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারণের লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, "গণমাধ্যম হচ্ছে সমাজের দর্পণ, যা প্রতিনিয়ত রাষ্ট্রকে একটি আয়নার সামনে দাঁড় করায়। তাই একটি উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রে দায়িত্বশীল সাংবাদিকতার বিকাশ ও টিকে থাকা কেবল সরকারের একক বিষয় নয়; বরং রাষ্ট্র, সমাজ ও সচেতন জনগণের সম্মিলিত দায়িত্ব।"

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "সাংবাদিকতা পেশার অস্তিত্ব ছাড়া একটি আধুনিক সভ্য ও গণতান্ত্রিক সমাজ কল্পনা করা অসম্ভব। তবে আমাদের দেশে দীর্ঘদিন ধরে এ মহৎ পেশাকে টিকিয়ে রাখার মতো কার্যকর ও টেকসই পৃষ্ঠপোষকতার প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে ওঠেনি। এ কারণেই মাঠপর্যায়ের সাংবাদিকতা আজ নানা বহুমুখী চ্যালেঞ্জের মুখোমুখি।"

মন্ত্রী আরও জোর দিয়ে বলেন, "সাংবাদিকদের সামাজিক ও আর্থিক কল্যাণ নিশ্চিত করা গেলে সংবাদমাধ্যম আরও বেশি শক্তিশালী হবে। আর একটি স্বাধীন, বস্তুনিষ্ঠ গণমাধ্যমের কল্যাণ মানেই পুরো দেশের সুশাসন ও গণতন্ত্রের কল্যাণ।" এ লক্ষ্যে তিনি গণমাধ্যম সংশ্লেষ্ট সব পক্ষকে একযোগে কাজ করার উদাত্ত আহ্বান জানান।

উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খোন্দকার, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির, ট্রাস্টি বোর্ডের সদস্য কাওছার হোসেন খোন্দকার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান সাজু এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।

মতবিনিময় সভা চলাকালে স্থানীয় সাংবাদিক নেতারা পেশাগত ঝুঁকি, ট্রাস্টের চিকিৎসা ও আর্থিক সহায়তার পরিধি বৃদ্ধি এবং পেশাগত প্রশিক্ষণ সংক্রান্ত বেশ কিছু যৌক্তিক প্রস্তাব তুলে ধরেন। তথ্যমন্ত্রী প্রস্তাবগুলো গুরুত্বের সাথে বিবেচনা করে পর্যায়ক্রমে তা বাস্তবায়নের ইতিবাচক আশ্বাস প্রদান করেন।

সভা শেষে তথ্যমন্ত্রী বরিশাল, ঝালকাঠি ও পটুয়াখালী জেলার মোট ৪৯ জন অসচ্ছল ও অসুস্থ সাংবাদিকের হাতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নির্ধারিত অনুদানের আর্থিক চেক আনুষ্ঠানিকভাবে তুলে দেন।

মন্তব্য করুন