চুয়াডাঙ্গায় চার প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা

প্রকাশ: মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:২০ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় চার প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা

নাজিয়াত হোসেন, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আসমানখালী এলাকায় যৌথ অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে ঔষধ, সার, গ্যাস ও বীজের দোকানে তদারকি চালানো হয়।

অভিযানসূত্রে জানা যায়, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী অবৈধভাবে গ্যাস বিক্রির দায়ে মেসার্স তিতাস সাইকেল স্টোরকে ২ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও ভুয়া ডাক্তার পদবি ব্যবহারে মেসার্স সামিরন ফার্মেসীকে ১০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রির অপরাধে মেসার্স রবিউল বীজ ভান্ডারকে ৩ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে মেসার্স বিসমিল্লাহ হোমিও ক্লিনিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে জেলা বীজ প্রত্যয়ন এজেন্সির কর্মকর্তা সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা আনসার ব্যাটালিয়নের একটি দল সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন