নিরাপদ নওগাঁ গঠনে শিক্ষার্থীদের সঙ্গে র্যাবের মতবিনিময়
আবু ইউসুফ, নওগাঁ জেলা প্রতিনিধি: নিরাপদ ও মাদকমুক্ত নওগাঁ গড়ার লক্ষ্যে তরুণ সমাজের সম্পৃক্ততা নিশ্চিত করতে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে র্যাব-৫, রাজশাহী।
আজ মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) দুপুরে নওগাঁ সরকারি ডিগ্রি কলেজের কনফারেন্স রুমে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁর পুলিশ সুপার তারিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. ফাহাদ্দুজামান আকন্দ, নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আলমগীর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, "মাদক একটি নীরব ঘাতক যা যুবসমাজের সম্ভাবনা ও মূল্যবোধ ধ্বংস করে দেয়। শুধুমাত্র আইনি অভিযান দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।" তিনি শিক্ষার্থীদের পড়াশোনা ও খেলাধুলার পাশাপাশি সমাজ গঠনে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
উন্মুক্ত আলোচনায় শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা, মাদকমুক্ত পরিবেশ ও সাইবার অপরাধ বিষয়ে নানান প্রশ্ন তোলেন। পুলিশ ও র্যাব কর্মকর্তারা তাঁদের উত্তর দেন এবং তরুণদের গুজব ও সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার পরামর্শ দেন।
এআইএল/সকালবেলা
|