বিনিয়োগের পরিবেশ নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
সকালবেলা প্রতিবেদক: দেশি-বিদেশি বিনিয়োগের অনুকূল পরিবেশ নিশ্চিত করতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১১ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাপানের অন্যতম শীর্ষস্থানীয় সমন্বিত বাণিজ্যিক ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান 'মারুবেনি কর্পোরেশন'-এর প্রেসিডেন্ট ও সিইও মাসায়ুকি ওমোটোর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।
বৈঠকে মারুবেনি কর্পোরেশনের পক্ষ থেকে বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন উদীয়মান খাতে ব্যাপক বিনিয়োগের তীব্র আগ্রহ প্রকাশ করা হয়। এ সময় জাপানি বিনিয়োগ সম্প্রসারণ, দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), সাইবার নিরাপত্তা, সার ও জ্বালানি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান উল্লেখ করেন, মারুবেনি কর্পোরেশনের সঙ্গে বাংলাদেশের ঐতিহ্যবাহী পাটজাত পণ্যের দীর্ঘদিনের ব্যবসায়িক নিবিড় সম্পর্ক রয়েছে। তিনি বিদ্যমান এ বাণিজ্যিক ভিত্তিকে আরও সম্প্রসারণ করার পাশাপাশি তথ্যপ্রযুক্তি, সার ও নতুন জ্বালানি খাতে নতুন বিনিয়োগের জন্য মারুবেনি কর্পোরেশনকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।
বৈঠকে তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশি প্রকৌশলী গ্র্যাজুয়েটদের কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তায় আরও বিশ্বমানের ও দক্ষ করে তুলতে সরকারের বিশেষ রূপরেখা তুলে ধরা হয়। এ ছাড়া আগামী ১২ মাসের মধ্যে বাংলাদেশে একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) আন্তর্জাতিক ডেটা সেন্টার চালুর পরিকল্পনার বিষয়ে বিশদ আলোচনা হয়, যেখানে মারুবেনি বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে।
একই সঙ্গে কৃষি খাতে আধুনিক প্রযুক্তি ও এআই ব্যবহারের সম্ভাবনা এবং ঐতিহ্যবাহী কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (কাফকো) মারুবেনির বিদ্যমান বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি দেশে দ্বিতীয় আরেকটি 'কাফকো' সার কারখানা স্থাপনে জাপানি বিনিয়োগের ওপর যৌথ আলোচনা অনুষ্ঠিত হয়। উভয় পক্ষ আশা প্রকাশ করে যে, আসন্ন বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি কার্যকর হলে দুই দেশের দীর্ঘমেয়াদী বাণিজ্য সম্পর্ক বহুগুণে শক্তিশালী হবে।
উচ্চপর্যায়ের এই সাক্ষাৎকারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান এবং মারুবেনি কর্পোরেশনের দক্ষিণ-পশ্চিম এশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা সুসুমু ওয়াকামোরিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এআইএল/সকালবেলা