সৈয়দপুরে বায়োগ্যাস প্লান্ট পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ণ
সৈয়দপুরে বায়োগ্যাস প্লান্ট পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী

মোঃ মাইনুল হক (নীলফামারী): “দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে ‘ইমপ্যাক্ট (ফেজ-৩)’ প্রকল্পের আওতায় তৈরি বায়োগ্যাস প্লান্ট পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক।

শনিবার (৩১ অক্টোবর) সকালে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের আইসঢাল হাজিপাড়ায় এক শুভেচ্ছা ও স্বাগত সভার মধ্য দিয়ে এই পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে প্রতিমন্ত্রীকে যুব উন্নয়ন অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

প্রতিমন্ত্রীর এই সফর ঘিরে স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। স্থানীয়দের আশা, প্রতিমন্ত্রীর এই পরিদর্শনের ফলে জেলায় যুব সমাজের উন্নয়ন এবং পরিবেশবান্ধব বায়োগ্যাস কার্যক্রম আরও বেশি গতিশীল ও সম্প্রসারিত হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক হুমায়ুন কবির, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক দিলগীর আলম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারাহ ফাতেহা তাকলিমা, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার এবং সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম রেজাসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

এআইএল/সকালবেলা