এইচএসসি পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ এ এগিয়ে ছেলেরা
শিক্ষা ডেস্ক: চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলের তথ্যে দেখা গেছে, সার্বিক পাসের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে থাকলেও সর্বোচ্চ সাফল্য বা জিপিএ-৫ অর্জনের ক্ষেত্রে ছাত্রীরা পিছিয়ে পড়েছে ছাত্রদের তুলনায়।
আজ শনিবার (৩১ অক্টোবর ২০২৬) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
প্রকাশিত তথ্যানুযায়ী, এ বছর ১১টি শিক্ষা বোর্ডে মোট পরীক্ষায় অংশ নেয় ১২ লাখ ৪০ হাজার ৭৮৮ জন শিক্ষার্থী, যাদের মধ্যে পাসের হার ৫১.১২ শতাংশ। ফলাফলে পাসের দিক দিয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। পরীক্ষায় অংশ নেওয়া ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন ছাত্রীর মধ্যে পাস করেছে ৩ লাখ ৫৬ হাজার ৫২৮ জন, অর্থাৎ ছাত্রীদের পাসের হার ৫৬.৩১ শতাংশ। অন্যদিকে ৬ লাখ ৭ হাজার ৬৪৯ জন ছাত্রের মধ্যে উত্তীর্ণ হয়েছে ২ লাখ ৯০ হাজার ১৫৭ জন, যেখানে ছাত্রদের পাসের হার ৪৭.৭৫ শতাংশ। পাসের হারে ছাত্রীরা ছাত্রদের চেয়ে ৮.৫৬ শতাংশ পয়েন্টে এগিয়ে।
তবে উল্টো চিত্র দেখা গেছে জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে। সারা দেশে জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থীর মধ্যে ২০ হাজার ৩৬৩ জন ছাত্র এবং ১৯ হাজার ৭২১ জন ছাত্রী। অর্থাৎ সর্বোচ্চ ফলাফলে ছাত্ররা ৬৪২ জন জিপিএ-৫ বেশি পেয়ে ছাত্রীদের পেছনে ফেলে দিয়েছে।
শিক্ষা বোর্ডভিত্তিক পাসের হার:
ঢাকা বোর্ড: ৬১.৮৩%
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড: ৬১.০৭%
চট্টগ্রাম বোর্ড: ৫২.০৭%
ময়মনসিংহ বোর্ড: ৫১.৪৪%
সিলেট বোর্ড: ৫০.৯০%
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড: ৪৯.৪৩%
কুমিল্লা বোর্ড: ৪৮.০৪%
দিনাজপুর বোর্ড: ৪৫.৯৮%
রাজশাহী বোর্ড: ৪৫.০৬%
যশোর বোর্ড: ৪৪.৯২%
বরিশাল বোর্ড: ৪৪.৮৪%
ফলাফল নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানসহ শিক্ষা বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট (eduboardresults.gov.bd ও educationboardresults.gov.bd) এবং যে কোনো মোবাইল অপারেটর থেকে এসএমএসের মাধ্যমে সংগ্রহ করা যাচ্ছে। আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত ফল পুনঃনিরীক্ষণের আবেদন অনলাইনের মাধ্যমে গ্রহণ করা হবে।