ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
সকালবেলা অনলাইন: ইনসুলিন বন্ধ করে 'কিটো ডায়েট ও সাপ্লিমেন্ট' গ্রহণের পরামর্শ দেওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক ডায়াবেটিস রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ডা. জাহাঙ্গীর কবিরের 'হেলথ রেভুলেশন লিমিটেড'-এর বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে ৬ সদস্যের একটি কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যান্ডোক্রাইনোলজি বিভাগের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এ তদন্ত কমিটি গঠন করা হয়। শনিবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে তথ্যটি জানা গেছে।
অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক শাখা) অধ্যাপক ডা. মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত নোটিশে বলা হয়, ইনসুলিন বন্ধ করে বিকল্প ডায়েট অনুসরণের মাধ্যমে রোগীর মৃত্যুর অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমলে নেওয়া হয়েছে। কমিটিকে অভিযোগের বিষয়ে সুস্পষ্ট মতামতসহ আগামী ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্ত কমিটিতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ মনির-উজ-জামানকে আহ্বায়ক এবং স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (হাসপাতাল-১) ডা. মো. মাহমুদুর রহমানকে সদস্য সচিব করা হয়েছে।
এআইএল/সকালবেলা