জিয়া পরিবার বাংলাদেশের ঐতিহ্যপূর্ণ মুসলিম পরিবার: মামুনুল হক
সকালবেলা অনলাইন: বগুড়ায় নির্মিত 'বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে' জুমার নামাজে ইমামতি, খুতবা ও বয়ান পেশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।
গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) তিনি এই জুমার জামায়াতে ইমামতি ও বিশেষ আলোচনা করেন।
মসজিদের খতিব মুফতি মনোয়ার হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, খুতবার প্রারম্ভে আল্লামা মামুনুল হক শহীদ জিয়া পরিবারের ভূয়সী প্রশংসা করেন। তিনি মন্তব্য করেন, এই পরিবারটি বাংলাদেশের মুসলিম ঐতিহ্যের অন্যতম বাহক। তাদের বহু সৎকাজের মধ্যে এই সেন্ট্রাল মসজিদ নির্মাণ একটি অন্যতম দৃষ্টান্ত। এ সময় তিনি জিয়া পরিবারের সব সৎকর্ম কবুলের জন্য বিশেষ মোনাজাত করেন।
বয়ানে মামুনুল হক উল্লেখ করেন, বগুড়া জিয়া পরিবারের স্মৃতিবিজড়িত স্থান এবং এখানকার সিংহভাগ মানুষ রাজনৈতিকভাবে বিএনপির সমর্থক। তা সত্ত্বেও স্থানীয় প্রভাবশালী নেতৃত্ব ও সাধারণ মানুষ বিরোধী রাজনৈতিক মতাদর্শকে অত্যন্ত সৌহার্দ্য ও সহনশীলতার সঙ্গে স্বাগত জানিয়েছেন, যা প্রশংসনীয়।
খতিব মুফতি মনোয়ার হোসেন স্থানীয় প্রশাসন, সুধীসমাজ ও মসাজিদ কমিটির ভূমিকার প্রশংসা করে জানান, সংশ্লিষ্ট সকলেই অত্যন্ত সম্মানের সাথে আল্লামা মামুনুল হককে অভ্যর্থনা জানিয়েছেন। তিনি দেশজুড়ে এমন চমৎকার ও সহনশীল রাজনৈতিক পরিবেশ বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
এআইএল/সকালবেলা