ঈদ ছুটি শেষে সড়কে গাড়ির চাপ, চেনা রূপে ফিরছে ঢাকা

প্রকাশ: সোমবার, ০১ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ণ
ঈদ ছুটি শেষে সড়কে গাড়ির চাপ, চেনা রূপে ফিরছে ঢাকা

অনলাইন ডেস্ক : পবিত্র ঈদ-উল-আজহার দীর্ঘ ছুটি শেষে ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে রাজধানী ঢাকা। আজ সোমবার (১ জুন) থেকে অফিস-আদালত খোলায় সড়কে বেড়েছে যানবাহনের চাপ এবং কর্মস্থলে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। তবে নগরজীবন এখনো পুরোপুরি চেনা রূপে স্বাভাবিক হয়নি। রাজধানীর আগের চেনা ব্যস্ততম রূপে ফিরতে আরও কয়েকদিন সময় লাগবে বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আজ সোমবার সকালে ফার্মগেট, মহাখালী ও বাড্ডা এলাকার বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, ঈদের ছুটির সময়কার সেই চিরচেনা নির্জনতা অনেকটাই কেটে গেছে। প্রধান সড়কগুলোতে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও গণপরিবহনের উপস্থিতি আগের চেয়ে বেশ বেড়েছে। সেই সঙ্গে বিভিন্ন বাসস্ট্যান্ডে অফিসগামী মানুষের আনাগোনাও চোখে পড়েছে। তবে স্বাভাবিক কর্মদিবসের তুলনায় যাত্রী ও পথচারীর সংখ্যা এখনও কিছুটা কম রয়েছে।

বাড্ডা রুটে চলাচলকারী ‘ভিক্টর ক্লাসিক’ বাসের চালকের সহকারী সোহেল এই পরিস্থিতি নিয়ে বলেন, ঈদের আগে যেমন ভিড় থাকে, গণপরিবহনে এখনো সেই পরিস্থিতি তৈরি হয়নি। আজ অফিস খোলার কারণে রাস্তায় কিছুটা যাত্রী চাপ বেড়েছে। তবে অনেক সিট খালি নিয়েই গাড়ি চালাতে হচ্ছে। শহর পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েকদিন সময় লাগবে বলে মনে হচ্ছে।

মন্তব্য করুন