নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে। চলমান এই অভিযানের অংশ হিসেবে আজ সোমবার (১ জুন) দুপুরে শহরের কাচারী বাজার থেকে শুরু করে কালীবাড়ি মোড় হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।
এর আগে, গত শনিবার (৩০ মে) সকাল ১১টায় ঐতিহাসিক রথখলা মাঠে কিশোরগঞ্জ জেলা প্রশাসন, জেলা পরিষদ ও কিশোরগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছিল।
সোমবারের অভিযানে মাঠ পর্যায়ে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জেবুন নাহার শাম্মী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলামসহ জেলা প্রশাসন ও স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারা।
অভিযান চলাকালে সড়কের দুই পাশ ও আশপাশের পরিবেশ থেকে জমে থাকা আবর্জনা অপসারণ, নালা-নর্দমা পরিষ্কার এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসের কার্যক্রম পরিচালনা করা হয়। একই সঙ্গে শহর পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে রাস্তার দুপাশের দোকানদারদের মাঝে ময়লা ফেলার বিশেষ ‘বিন’ সরবরাহ করা হয়, যেন তারা সব ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলেন। এর পাশাপাশি ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রচারণাও চালানো হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের কোনো বিকল্প নেই। ডেঙ্গুর বিস্তার রোধে জেলা প্রশাসনের এই বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সাধারণ জনগণকে এই কার্যক্রমে সম্পৃক্ত করে আরও বৃহৎ পরিসরে সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
আয়োজকদের মতে, সরকারি প্রতিষ্ঠান ও সর্বস্তরের জনসাধারণের সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমেই ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগের ঝুঁকি কমিয়ে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও সুস্থ পরিবেশ গড়ে তোলা সম্ভব।