প্রধানমন্ত্রীকে দেখতে পথে পথে মানুষের ঢল
বিশেষ প্রতিনিধি: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সরকারি সফরে ফেনী যাওয়ার পথে সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তারেক রহমান। পথিমধ্যে তাঁকে একঝলক দেখতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে নেমে আসে হাজারো মানুষের ঢল।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টার দিকে দাউদকান্দি সেতু পার হয়ে কুমিল্লায় প্রবেশ করে প্রধানমন্ত্রীর গাড়িবহর। এরপর আলেখারচর বিশ্বরোড অতিক্রম করে গাড়িবহরটি ফেনীর উদ্দেশে এগিয়ে যায়।
প্রধানমন্ত্রীর এই আগমনকে ঘিরে সকাল থেকেই মহাসড়কের দাউদকান্দি থেকে শুরু করে চৌদ্দগ্রাম পর্যন্ত বিভিন্ন মোড়ে অবস্থান নেন সর্বস্তরের মানুষ ও স্থানীয় নেতাকর্মীরা। ব্যানার-ফেস্টুন হাতে সড়কের দুই পাশে দাঁড়িয়ে তারা প্রধানমন্ত্রীকে উষ্ণ অভিবাদন ও শুভেচ্ছা জানান।
মহাসড়কের নিমসার পয়েন্টে হাজার হাজার নেতাকর্মী ও পথচারী সুশৃঙ্খলভাবে সড়কের পাশে অবস্থান নেন। গাড়িবহর পার হওয়ার সময় রাস্তার দুই ধারে উপস্থিত সাধারণ মানুষ উল্লাসে ফেটে পড়েন এবং হাত নেড়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
ফেনী পৌঁছে প্রধানমন্ত্রী বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজের শুভসূচনা করবেন। সফরসূচি অনুযায়ী, তিনি পরশুরামের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় 'মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)' কাজের উদ্বোধন করবেন।
এরপর ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ এবং রুফটপ সোলার বিদ্যুৎ ব্যবস্থার শুভ উদ্বোধন করবেন। বিকেলে ফুলগাজীতে সুবিধাভোগীদের মাঝে 'ফ্যামিলি কার্ড' ও 'কৃষক কার্ড' বিতরণ সংক্রান্ত অনুষ্ঠানে যোগ দেওয়া শেষে বিকেলেই তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
এআইএল/সকালবেলা