ফেনী পৌঁছালেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিশেষ প্রতিনিধি, ফেনী: নতুন সরকার গঠনের পর প্রথমবারের মতো ফেনী সফরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িবহর ফেনী সদর হাসপাতাল মোড়ে এসে পৌঁছালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও শহরের দুই পাশে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান।
সংবর্ধনা শেষে তিনি পরশুরাম উপজেলার সুবার বাজার সড়কের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকার উদ্দেশ্যে রওনা হন। সেখানে তিনি ১ হাজার ৫৪২ কোটি টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের ফলক উন্মোচন করবেন।
সফরসূচি অনুযায়ী, পরশুরামের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। এরপর ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোর ছাদে স্থাপিত ‘রুফটপ সোলার’ জাতীয় গ্রিডে সংযোজন কার্যক্রম উদ্বোধন করবেন।
বিকেলে ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। সমাবেশে তিনি স্থানীয় বাসিন্দাদের মাঝে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের মাঝে সরকারি সম্মানি ভাতা বিতরণ করবেন। রাষ্ট্রীয় কর্মসূচি শেষে বিকেলেই তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পুরো জেলাজুড়ে এসএসএফ, পুলিশ, র্যাব ও বিজিবির সমন্বয়ে তিন স্তরের কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
এআইএল/সকালবেলা