সৈয়দপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
মোঃ মাইনুল হক, নীলফামারী প্রতিনিধি: জাতীয়তাবাদী জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। সৈয়দপুর রাজনৈতিক জেলা, উপজেলা ও পৌর জিয়া মঞ্চ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
পরে দলীয় কার্যালয়ে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। এতে প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মোঃ শাহীন আকতার এবং বিশেষ অতিথি ছিলেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু।
সৈয়দপুর রাজনৈতিক জেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ আরমান হামিদের সঞ্চালনায় সভায় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শওকত চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকার ও বিএনপি নেতা শওকত হায়াত শাহসহ জেলা, উপজেলা ও পৌর জিয়া মঞ্চের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা সংগঠনের প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানুষের মৌলিক অধিকার রক্ষা ও দেশের কল্যাণে কাজ করে যেতে হবে। একই সঙ্গে আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তাঁরা।
উল্লেখ্য, ১৯৯৩ সালের ২৯ সেপ্টেম্বর জাতীয়তাবাদী জিয়া মঞ্চের আত্মপ্রকাশ ঘটে।
এআইএল/সকালবেলা