তদন্তে সত্যতা মিললে মিষ্টির বিরুদ্ধে চার্জশিট: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ণ
তদন্তে সত্যতা মিললে মিষ্টির বিরুদ্ধে চার্জশিট: স্বরাষ্ট্রমন্ত্রী

সকালবেলা ডেস্ক: সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে আনীত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্যের বিরুদ্ধে আইনি পদক্ষেপের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভিযোগ তদন্তাধীন রয়েছে। তদন্তে সত্যতা প্রমাণিত হলে বিষয়টি আদালতের এখতিয়ারে যাবে এবং অভিযুক্তকে আইনের আওতায় আসতে হবে। পদত্যাগের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিষয়টি মাননীয় স্পিকারের এখতিয়ারভুক্ত। একই সাথে রাজনৈতিক ও দলীয় ব্যবস্থা এবং আইনি প্রক্রিয়া যে সম্পূর্ণ ভিন্ন বিষয়, তাও তিনি স্পষ্ট করেন।

অন্য এক প্রসঙ্গে মিরপুরের উচ্ছেদ অভিযান নিয়ে মন্ত্রী বলেন, ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখা সাধারণ নাগরিকদের মৌলিক অধিকার। তবে হকারদের কর্মসংস্থানের কথা বিবেচনা করে হলিডে মার্কেটসহ বিকল্প ব্যবস্থার উদ্যোগ নেওয়া হচ্ছে। শহরজুড়ে সড়ক শৃঙ্খলা বজায় রাখতে সিটি কর্পোরেশন ও পুলিশ যৌথভাবে কাজ করছে এবং এর সাথে কোনো সামাজিক বা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির সম্পর্ক নেই।

গুজব ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধে তিনি হুঁশিয়ার করে বলেন, অসমর্থিত বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সমাজে অস্থিতিশীলতা তৈরি করা আইনত অপরাধ। আইনশৃঙ্খলা রক্ষায় সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং যেকোনো অপরাধ সংঘটিত হওয়ার পর পুলিশ দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন