ধামইরহাটে খ্রিস্টান ধর্ম ছেড়ে একই পরিবারের ৫ জনের ইসলাম গ্রহণ

প্রকাশ: বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ণ
ধামইরহাটে খ্রিস্টান ধর্ম ছেড়ে একই পরিবারের ৫ জনের ইসলাম গ্রহণ

বিশেষ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলায় খ্রিস্টান ধর্ম ত্যাগ করে একই পরিবারের পাঁচ সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ধর্মীয় অনুভূতির প্রতি আকৃষ্ট হয়ে ও নিজেদের স্বাধীন সিদ্ধান্তে তাঁরা আনুষ্ঠানিকভাবে এ ধর্ম গ্রহণ করেন।

পরে নওগাঁ জেলা আদালতে নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট সম্পাদন ও আলেমদের উপস্থিতিতে কালেমা পাঠ করে তাঁরা ইসলাম ধর্মে দীক্ষিত হন।

ইসলাম গ্রহণকারীরা হলেন— মো. আবু মুছা, তাঁর স্ত্রী মোসা. ফাতেমা বিবি এবং তাঁদের তিন সন্তান মো. হাসান, মো. হুসাইন ও মোসা. আমেনা। তাঁরা ধামইরহাট উপজেলার আলমপুর ইউনিয়নের সোনাদিঘী এলাকার আদিবাসী পল্লির বাসিন্দা। ইসলাম গ্রহণের পূর্বে তাঁদের নাম ছিল যথাক্রমে পিউস মর্মু, মগদালিনা সরেন, আন্তনি মর্মু, পিত্তর মর্মু ও ফূলমনি আন্না।

পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ইসলামের নীতি, আদর্শ ও জীবনব্যবস্থা সম্পর্কে চর্চা করার পর তাঁদের মধ্যে ইসলাম ধর্মের প্রতি গভীর আগ্রহের সৃষ্টি হয়। একপর্যায়ে পরিবারের সবাই মিলে স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন।

এ বিষয়ে মোসা. ফাতেমা বিবি জানান, কোনো প্রকার প্ররোচনা ছাড়াই সম্পূর্ণ নিজস্ব বিশ্বাস ও আগ্রহ থেকে তাঁরা এ সিদ্ধান্ত নিয়েছেন এবং আগামীতে ধর্মীয় বিধান মেনে সমাজবদ্ধভাবে বসবাস করার আশাবাদ ব্যক্ত করেছেন।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন