পবিত্র রমজান উপলক্ষে দেশবাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

পবিত্র রমজান উপলক্ষে দেশবাসীকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলিমকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার দেওয়া এক বাণীতে তিনি সবাইকে রমজানের পবিত্রতা রক্ষা এবং আত্মশুদ্ধির চর্চায় মনোনিবেশ করার আহ্বান জানান।

তিনি বলেন, “রমজান মাস আত্মসংযম, ত্যাগ, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। এই মহিমান্বিত মাসে সিয়াম, দান-সদকা ও ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনের পাশাপাশি পারস্পরিক সহমর্মিতা ও সম্প্রীতি বৃদ্ধি পায় এবং মহান আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের সুযোগ সৃষ্টি হয়।”

ড. মুহাম্মদ ইউনূস আরও বলেন, “পবিত্র মাহে রমজান ব্যক্তি ও জাতির জীবনে অন্যায়, দুর্নীতি ও অবিচার পরিহার করে ন্যায় ও কল্যাণভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অনুপ্রেরণা জোগায়। এই মাস সত্যনিষ্ঠা, ন্যায়পরায়ণতা, সততা ও মানবিকতার শিক্ষা দেয় এবং দরিদ্র ও বঞ্চিত মানুষের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করে।”

দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আসুন, আমরা রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে ভোগ-বিলাস, হিংসা-বিদ্বেষ পরিহার করি এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে বেশি বেশি ইবাদত, কোরআন তেলাওয়াত, দোয়া, তওবা ও সৎকর্মে মনোনিবেশ করি।”

শেষে তিনি মহান আল্লাহর কাছে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সবার নেক আমল কবুলের জন্য দোয়া কামনা করেন।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন