মুকসুদপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ৩
পলাশ চন্দ্র বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন যাত্রী।
রোববার (৬ সেপ্টেম্বর) ঢাকা-খুলনা মহাসড়কের সালিনাবক্সা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন।
প্রত্যক্ষদর্শী ও আহত যাত্রীদের মতে, খুলনা থেকে ঢাকাগামী 'টুঙ্গিপাড়া এক্সপ্রেস'-এর বাসটি অতিরিক্ত গতিতে চলার কারণে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি ছিটকে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, আহত ১৮ জনের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ আশিক কবির ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
এআইএল/সকালবেলা