ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান আজ মঙ্গলবার সকাল ১০টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সংসদ ভবনের শপথ কক্ষে শুরু হয়েছে। প্রথা ভেঙে এবার স্পিকারের অনুপস্থিতিতে নতুন এমপিদের শপথবাক্য পাঠ করাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
এই মাহেন্দ্রক্ষণে অংশ নিতে সকাল ১০টার দিকে সপরিবারে জাতীয় সংসদ ভবনে পৌঁছেছেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। এর আগে সকাল ৯টা ৫০ মিনিটে গুলশানের বাসভবন থেকে স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে তিনি সংসদ ভবনের উদ্দেশ্যে রওনা হন। দীর্ঘ প্রায় দুই দশক পর তাঁর এই সংসদ ভবনে আগমন নেতাকর্মীদের মাঝে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করেছে।
রেওয়াজ অনুযায়ী, নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দল হিসেবে প্রথমে বিএনপির ২০৯ জন সংসদ সদস্য শপথ নিচ্ছেন। এরপর পর্যায়ক্রমে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর ৬৮ জন এবং অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা শপথ নেবেন। এমপি হিসেবে শপথ নেওয়ার পরপরই তাঁরা ‘সংবিধান সংস্কার পরিষদের’ সদস্য হিসেবেও আলাদাভাবে শপথ গ্রহণ করবেন।
শপথ অনুষ্ঠানকে ঘিরে সংসদ ভবন ও এর আশপাশ এলাকায় নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ডিএমপি ও বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। পুরো সংসদ এলাকাকে রেড, ইয়েলো ও গ্রিন—এই তিন স্তরের নিরাপত্তা বলয়ে ঢেকে রাখা হয়েছে। সংসদ ভবনের বাইরে হাজার হাজার উৎসুক মানুষ ভিড় জমিয়েছেন। নবনির্বাচিত সদস্যদের সংসদ ভবনে প্রবেশের সময় পরিচয়পত্র যাচাই করা হচ্ছে।
আজ দুপুরের দিকে বিএনপির সংসদীয় দলের বৈঠকে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে সংসদ নেতা নির্বাচন করা হবে। সব কিছু ঠিক থাকলে আজ বিকেল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তারেক রহমান। একই অনুষ্ঠানে নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ গ্রহণ করবেন।
সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ