ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর আজ মঙ্গলবার বিকেলে শপথ নিতে যাচ্ছে নতুন মন্ত্রিসভা। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকেল ৪টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। এর আগে সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হবে।
জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা জানান, দীর্ঘদিনের ঐতিহ্য ভেঙে এবার বঙ্গভবনের পরিবর্তে সংসদ ভবনের উন্মুক্ত চত্বরে এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত শনিবার থেকেই মন্ত্রিপরিষদ বিভাগ এবং সংসদ সচিবালয় এই অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করেছে। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব এম সিরাজ মিয়া।
সংসদীয় রীতি অনুযায়ী, নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণের পর সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির সংসদীয় বোর্ডের সভায় তাদের সংসদীয় নেতা নির্বাচন করা হবে। এরপর দলের মনোনীত নেতা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের আনুষ্ঠানিক আবেদন জানাবেন। রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন এবং প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে পরবর্তী মন্ত্রিসভার সদস্যদের নির্বাচিত করা হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রথমে প্রধানমন্ত্রীকে এবং পর্যায়ক্রমে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ পাঠ করাবেন।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে নির্বাচন কমিশন ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টির গেজেট প্রকাশ করেছে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে, ৬৮টি আসন নিয়ে জামায়াতে ইসলামী সংসদে প্রধান বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হতে যাচ্ছে। সংবিধান অনুসারে গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।
সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ