জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিচ্ছে না মালয়েশিয়া
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বখ্যাত ইসলামিক স্কলার ডা. জাকির নায়েককে ভারতের কাছে হস্তান্তর না করার সিদ্ধান্তে অনড় রয়েছে মালয়েশিয়া সরকার। একই সঙ্গে তাকে প্রত্যর্পণ করার বিষয়ে নয়াদিল্লিকে কোনো ধরনের প্রতিশ্রুতি বা নিশ্চয়তা দেওয়া হয়নি বলেও দেশটির পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে।
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল জানিয়েছেন, ২০১০ সালে ভারত সরকারের সাথে স্বাক্ষরিত প্রত্যর্পণ চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী মালয়েশিয়ার নিজস্ব অধিকার এবং দেশটির ১৯৯২ সালের ‘প্রত্যর্পণ আইন’-এর বিধিবিধানের ভিত্তিতেই এই চূড়ান্ত সিদ্ধান্ত বজায় রাখা হয়েছে।
সংসদের ওয়েবসাইটে প্রকাশিত এক লিখিত জবাবে সাইফুদ্দিন নাসুশন জানান, সম্প্রতি ডা. জাকির নায়েকের প্রত্যর্পণ বিষয়ে ভারতের পক্ষ থেকে নতুন কোনো আনুষ্ঠানিক অনুরোধ আসেনি।
এর আগে ভারত সরকার ২০১৮ সালের ১৯ জানুয়ারি প্রথম আনুষ্ঠানিকভাবে জাকির নায়েককে হস্তান্তরের আবেদন জানায়। পরবর্তী সময়ে ২০২০ সালের ২৯ মে কূটনৈতিক চিঠির মাধ্যমে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করা হয়েছিল।
সংসদে লিখিত জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী দ্ব্যর্থহীন ভাষায় বলেন, ‘মালয়েশিয়া সরকার ডা. জাকির নায়েককে ভারতের কাছে হস্তান্তর না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। ফলে তাকে প্রত্যর্পণ করার বিষয়ে আমাদের পক্ষ থেকে কোনো প্রতিশ্রুতি দেওয়া হয়নি।’
বিরোধীদলীয় জোট পেরিকাতান ন্যাশনালের (পিএন) পেংক্যালান চেপা আসনের সংসদ সদস্য দাতুক ড. আহমদ মারজুক শ্যারির এক লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য তুলে ধরেন। ভারতের করা আবেদনের সর্বশেষ অগ্রগতি, আবেদনের তারিখ এবং ভারতের দাখিল করা নথিপত্র মালয়েশিয়ার প্রত্যর্পণ আইন ও দ্বিপক্ষীয় চুক্তির শর্ত পূরণ করেছে কি না—তা সরকারের কাছে জানতে চেয়েছিলেন ওই সংসদ সদস্য।
তথ্যসূত্র: নিউ স্ট্রেইটস টাইমস
এআইএল/সকালবেলা