চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের

প্রকাশ: মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ণ
চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান কিশোরগঞ্জ জেলা পরিষদ প্রশাসকের

নূর আহাম্মদ পলাশ (কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি): জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে কিশোরগঞ্জে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে পিঠা উৎসব, বিনামূল্যে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। 

মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) বিকেলে যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোঃ রফিকুল ইসলাম শামীম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো-অর্ডিনেটর প্রজিৎ কুমার ধর এবং যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আলাউদ্দীন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান যুবসমাজকে কেবল চাকরির পেছনে না ছুটে আত্মনির্ভরশীল হওয়ার তাগিদ দিয়ে বলেন, "তোমরা শুধু চাকরির পেছনে সময় না দিয়ে বরং অন্যকে কীভাবে চাকরি দেবে, সেই উদ্দেশ্য সামনে রেখে কাজ করো।" এ সময় তিনি তরুণ উদ্যোক্তাদের সার্বিক আর্থিক সহায়তার আশ্বাস প্রদান করেন।

আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গণে একটি আমলকী গাছের চারা রোপণ করেন অতিথিরা। পরে প্রশিক্ষণার্থী ও স্থানীয় যুবকদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়। সবশেষে ফিতা ও কেک কেটে মহিলা উদ্যোক্তাদের উদ্যোগে আয়োজিত পিঠা উৎসবের শুভ উদ্বোধন ঘোষণা করেন অতিথিরা। এ সময় তাঁরা পিঠা উৎসবের বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

এআইএল/সকালবেলা