লন্ডনে ফিলিস্তিনপন্থিদের বিক্ষোভ, ব্যাপক গ্রেপ্তারের আশঙ্কা

প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ণ
লন্ডনে ফিলিস্তিনপন্থিদের বিক্ষোভ, ব্যাপক গ্রেপ্তারের আশঙ্কা

সকালবেলা অনলাইন: যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে মার্কিন দূতাবাসের সামনে ফিলিস্তিনপন্থি সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’-এর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচিতে অংশ নেওয়া শত শত বিক্ষোভকারীকে গ্রেপ্তারের আশঙ্কা করছে স্থানীয় পুলিশ। বিক্ষোভ শুরুর পরপরই ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটক করে সরিয়ে নেওয়া হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য স্ট্যান্ডার্ড এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বিক্ষোভের আয়োজক সংগঠন ‘ডিফেন্ড আওয়ার জুরিস’ সূত্রে জানা গেছে, এই কর্মসূচিতে প্রায় ৪০০ জন মানুষ অংশ নেওয়ার কথা রয়েছে। এ সময় বিক্ষোভকারীরা ‘আমি গণহত্যার বিরোধিতা করি, প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি’ লেখা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

উল্লেখ্য, গত বছরের জুনে প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ সংগঠনের তালিকাভুক্ত করে যুক্তরাজ্য সরকার। দেশটির কঠোর সন্ত্রাসবাদবিরোধী আইন অনুযায়ী, কোনো নিষিদ্ধ সংগঠনকে প্রকাশ্যে সমর্থন জানানো বা সহায়তা করা শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের কঠোর আইনি পরিণতির মুখোমুখি হতে হবে বলে আগেই সতর্কবার্তা দিয়েছিল লন্ডনের মেট্রোপলিটন পুলিশ।

মেট্রোপলিটন পুলিশের কমান্ডার অ্যাডাম স্লোনেকি বলেন, বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিরা জেনেশুনেই বেআইনি কাজ করছেন এবং ইচ্ছাকৃতভাবে অপরাধ করার উদ্দেশ্যে সেখানে সমবেত হয়েছেন। এমনকি যারা বিক্ষোভকারীদের প্ল্যাকার্ড প্রদর্শনে বা অন্য কোনো উপায়ে সহায়তা করবেন, তাঁদেরও আইনের আওতায় এনে গ্রেপ্তার করা হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

এআইএল/সকালবেলা