ফিলিস্তিনিদের আবাসভূমি ছাড়া মধ্যপ্রাচ্যে নিরাপত্তা অসম্ভব: জর্ডান

প্রকাশ: সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ণ
ফিলিস্তিনিদের আবাসভূমি ছাড়া মধ্যপ্রাচ্যে নিরাপত্তা অসম্ভব: জর্ডান

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনিদের নিজস্ব আবাসভূমির অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ।

সোমবার (২ নভেম্বর) জর্ডানের পার্লামেন্টের অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন।

বাদশাহ আবদুল্লাহ বলেন, “আমরা বারবার বলেছি, ফিলিস্তিনি জনগণের নিজস্ব স্বাধীন আবাসভূমির অধিকার প্রতিষ্ঠা ছাড়া আমাদের অঞ্চলে কোনো নিরাপত্তা বা স্থায়ী স্থিতিশীলতা আসতে পারে না।”

তিনি আরও বলেন, ইসরায়েলের অব্যাহত লঙ্ঘন ও আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক মহলের বারবার আহ্বান সত্ত্বেও গাজায় চরম মানবিক বিপর্যয় অব্যাহত রয়েছে। একই সঙ্গে অবরুদ্ধ পশ্চিম তীর ও জেরুজালেমে নিরবচ্ছিন্ন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।

জর্ডানের বাদশাহ জোর দিয়ে বলেন, ইসরায়েলের সম্প্রসারণবাদী উগ্র উচ্চাকাঙ্ক্ষা এখনো এ অঞ্চলের ভবিষ্যৎ ও মানুষের শান্তির আশার জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়ে রয়েছে।

এআইএল/সকালবেলা