ফিলিপাইনের মুসলিম অঞ্চলে প্রথম নির্বাচিত মুখ্যমন্ত্রী মাকাকুয়া

প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ণ
ফিলিপাইনের মুসলিম অঞ্চলে প্রথম নির্বাচিত মুখ্যমন্ত্রী মাকাকুয়া

অনলাইন ডেস্ক: দীর্ঘ কয়েক দশকের আত্মনিয়ন্ত্রণ ও স্বায়ত্তশাসনের সংগ্রামের পর ফিলিপাইনের স্বায়ত্তশাসিত মুসলিম-অধ্যুষিত অঞ্চল বাংসামোরো প্রথমবারের মতো নির্বাচিত মুখ্যমন্ত্রী পেয়েছে। 

শুক্রবার (৩০ অক্টোবর) কোটাবাটো সিটিতে অনুষ্ঠিত ৮০ সদস্যের নতুন পার্লামেন্টের প্রথম অধিবেশনে আবদুলরাওফ মাকাকুয়া অঞ্চলটির মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হন।

আরব নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, গত ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত ঐতিহাসিক ওই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৮৪ শতাংশের বেশি। শুক্রবার পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে আবদুলরাওফ মাকাকুয়া ৫১ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মুখ্যমন্ত্রী মুরাদ ইব্রাহিম পান ২৭ ভোট। নবনির্বাচিত এই পার্লামেন্টের মেয়াদ পাঁচ বছর।

দায়িত্ব গ্রহণের পর উদ্বোধনী বক্তব্যে মাকাকুয়া বলেন, ‘প্রকৃত স্বশাসনের লক্ষ্যে আমাদের দীর্ঘ যাত্রায় আজ আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যুক্ত হলো।’ তিনি আরও বলেন, একটি শক্তিশালী বাংসামোরো গড়ে তুলতে পারস্পরিক আস্থা, বোঝাপড়া এবং সংলাপের বিকল্প নেই।

৬৯ বছর বয়সী আবদুলরাওফ মাকাকুয়া—যিনি ‘স্যামি গাম্বার’ নামেও পরিচিত—বাংসামোরো ট্রানজিশন অথরিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। একসময় তিনি মোরো ইসলামিক লিবারেশন ফ্রন্টের (এমআইএলএফ) জ্যেষ্ঠ নেতা ও সশস্ত্র শাখার চিফ অব স্টাফ ছিলেন। এর আগে ২০২৫ সালের মার্চে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র তাঁকে অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন।

উল্লেখ্য, ফিলিপাইনের মুসলিম-অধ্যুষিত মিনদানাও অঞ্চলে দীর্ঘ দশক ধরে চলা বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের অবসান ঘটিয়ে ২০১৪ সালে সরকার ও এমআইএলএফের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। এর ধারাবাহিকতায় ২০১৯ সালে বাংসামোরো স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠিত হয়। তবে বর্তমানে অঞ্চলটি দেশের অন্যতম দরিদ্র এলাকা হওয়ায় উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য নতুন সরকারকে মূলত কেন্দ্রীয় বাজেটের ওপরই নির্ভর করতে হচ্ছে।

সূত্র: আরব নিউজ

এআইএল/সকালবেলা