পুলিশের এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ

প্রকাশ: মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ণ
পুলিশের এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ

সকালবেলা ডেস্ক: পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬-এর চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রাথমিকভাবে ২ হাজার প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে প্রকাশ করা হয়েছে অপেক্ষমাণ প্রার্থীদের তালিকাও।

মঙ্গলবার (৩ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের রিক্রুটমেন্ট ও প্ল্যানিং-২ শাখা থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে জেলাভিত্তিক শূন্য পদের বিপরীতে ২ হাজার জনকে প্রাথমিকভাবে সুপারিশ করা হয়েছে।

প্রাথমিকভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের পরবর্তী ধাপে স্বাস্থ্য পরীক্ষায় অংশ নিতে হবে। ঢাকার রাজারবাগে অবস্থিত কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে এ স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে।

স্বাস্থ্য পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এ ছাড়া টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে প্রার্থীদের নির্ধারিত মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়ে প্রয়োজনীয় তথ্য জানানো হবে।

এআইএল/সকালবেলা