ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ডেস্ক রিপোর্ট: নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কানো রাজ্যে পবিত্র রমজানের প্রথম দিনে প্রকাশ্যে খাবার খাওয়ার অভিযোগে ৯ জন মুসলিমকে গ্রেপ্তার করেছে দেশটির ইসলামিক পুলিশ বা 'হিসবা'। গত বুধবার রমজান শুরুর দিনে রাজ্যের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাতজন পুরুষ ও দুজন নারীকে আটক করা হয়। কানো রাজ্যে মুসলিম সংখ্যাধিক্য থাকায় সেখানে ধর্মনিরপেক্ষ আইনের পাশাপাশি শরিয়াহ আইন কার্যকর রয়েছে, যার অধীনেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
হিসবা কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, প্রতি বছর রমজান মাসে মুসলিমরা যথাযথভাবে রোজা পালন করছেন কিনা তা নিশ্চিত করতে স্থানীয় ক্যাফে, রেস্তোরাঁ ও বাজারে বিশেষ অভিযান চালানো হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা দাবি করেছেন, তারা রমজান মাস শুরু হওয়ার বিষয়টি জানতেন না। তবে হিসবার ডেপুটি কমান্ডার জেনারেল মুজাহিদ আমিনুদ্দিন বিবিসিকে জানান, আটককৃতদের বর্তমানে রোজা ও ইবাদতের গুরুত্ব সম্পর্কে ধর্মীয় শিক্ষা প্রদান করা হচ্ছে। তাদের কবে নাগাদ মুক্তি দেওয়া হবে তা স্পষ্ট না করলেও, অতীতে এ ধরনের ঘটনায় পরিবারের কাছ থেকে মুচলেকা নিয়ে আটককৃতদের ছেড়ে দেওয়ার নজির রয়েছে।
নাইজেরিয়ার উত্তরের ১২টি রাজ্যে গত দুই দশক ধরে শরিয়াহ আইন কার্যকর রয়েছে। তবে খ্রিস্টান অধ্যুষিত এলাকাগুলোতে কিছু রেস্তোরাঁ ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার অনুমতি থাকে। নাইজেরিয়ায় এ বছর ১৮ ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হয়েছে, যা চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ বা ২২ মার্চ পর্যন্ত চলবে বলে ধারণা করা হচ্ছে। রোজা ইসলামের পাঁচটি স্তম্ভের একটি হওয়ায় এর মর্যাদা রক্ষায় হিসবা কর্তৃপক্ষ নিয়মিত এ ধরনের নজরদারি ও অভিযান পরিচালনা করে থাকে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ