জন্মদিনে মেয়েকে কাছে পেয়েছি এটাই বড় আনন্দ: দিলারা জামান
বিনোদন প্রতিবেদক: বাংলা অভিনয়জগতের অন্যতম কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান আজ ১৯ জুন ৮৩তম জন্মদিন উদযাপন করছেন। বয়সের কাঁটা আশি পেরোলেও তার প্রাণশক্তি ও উচ্ছ্বাসে ভাটা পড়েনি এতটুকু। তবে এবারের জন্মদিনের আনন্দ যেন একটু বেশিই—দীর্ঘদিন পর প্রবাসী বড় মেয়েকে পাশে পেয়েছেন তিনি।
জন্মদিন নিয়ে বিশেষ কোনো আড়ম্বরের পরিকল্পনা নেই জানিয়ে দিলারা জামান বলেন, “আমার বড় মেয়ে এসেছে। তাকে কাছে পেয়েছি, এটাই অনেক আনন্দের।” বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাসকারী মেয়েদের সান্নিধ্যই তাকে এই জন্মদিনে বাড়তি প্রশান্তি দিয়েছে। নিজের জন্মদিন প্রসঙ্গে তিনি হাসিমুখে বলেন, “আমার মেয়েরা কী আয়োজন করবে, আমি নিজেও জানি না। আমি চুপচাপ ঘরে বসে আছি। প্রিয়জনরা আসছেন, শুভেচ্ছা জানাচ্ছেন—এটাই বড় পাওয়া।”
১৯৪৩ সালের ১৯ জুন ব্রিটিশ ভারতের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন দিলারা জামান। ১৯৪৭ সালে তার পরিবার যশোরে চলে আসে। স্কুলজীবন থেকেই মঞ্চনাটকের সাথে জড়িয়ে পড়েন তিনি, যা আজীবনের পথচলায় রূপ নেয়। শিক্ষকতা পেশা দিয়ে কর্মজীবন শুরু করলেও ১৯৬৬ সালে ‘ত্রিধরা’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে তার। এরপর ‘সকাল সন্ধ্যা’ ধারাবাহিক নাটক তাকে দেয় আকাশচুম্বী জনপ্রিয়তা। ১৯৯৪ সালে হুমায়ূন আহমেদের ‘আগুনের পরশমণি’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করে অসংখ্য দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি।
দীর্ঘ কর্মজীবনে অভিনয়ে অসামান্য অবদানের জন্য তিনি ১৯৯৩ সালে ‘একুশে পদক’ এবং পরবর্তীতে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ অর্জন করেন। ৮৩ বছর বয়সেও অভিনয়ের প্রতি তার টান কমেনি। তবে মেয়ের সাথে সময় কাটাতে এই মাসে কাজের ব্যস্ততা কমিয়ে দিয়েছেন। ভক্তদের উদ্দেশে তিনি শুধু একটি চাওয়াই জানিয়েছেন, “দিন যত যাচ্ছে, ততই তো প্রবীণ হচ্ছি। সবাই দোয়া করবেন, যেন সুস্থ থাকি।”
দিলারা জামানের এই জন্মদিনে বিনোদন অঙ্গনের শিল্পী ও সহকর্মীরা তাকে জানাচ্ছেন ভালোবাসা ও শ্রদ্ধা।
জান্নাত সকালবেলা
|