‘যে ভয় পায়, সে মরে যায়’: কেন এমন বললেন সালমান খান?

প্রকাশ: শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ণ
‘যে ভয় পায়, সে মরে যায়’: কেন এমন বললেন সালমান খান?
সালমান খান, বলিউড, সোশাল মিডিয়া, বিতর্ক, ইনস্টাগ্রাম, খবর

অনলাইন ডেস্ক: বলিউড সুপারস্টার সালমান খান আবারও নেটদুনিয়ায় জোর আলোচনায় এসেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর দেওয়া একটি রহস্যময় ও জোরালো পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক।

নেটিজেনদের একাংশের মতে, ভারতের নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে তাঁর সাম্প্রতিক বক্তব্যের পর তৈরি হওয়া তীব্র সমালোচনার জবাব হিসেবেই তিনি এই পাল্টা পোস্টটি করেছেন।

পোস্টে কারও নাম উল্লেখ না করলেও সালমান তাঁর ব্যায়াম করার কয়েকটি নজরকাড়া ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন। ছবির সঙ্গে ক্যাপশনে লেখেন, "সালমান খান ভয় পেয়েছে....হুমমম। যে ভয় পায়, সে মরে যায়..."। প্রকাশ পাওয়ার পর মুহূর্তেই পোস্টটি ভাইরাল হয়ে যায় এবং ভক্ত ও সমালোচকদের মধ্যে পাল্টাপাল্টি মন্তব্য শুরু হয়।

উল্লেখ্য, এর আগে নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ জানিয়ে বার্তা দিয়েছিলেন সালমান খান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়ার পর তিনি লিখেছিলেন, "শিক্ষার্থীরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী যখন বিষয়টি গুরুত্ব দিয়ে টুইট করেছেন, তাই শিক্ষার্থীরা নিজেদের বাবা-মায়ের কাছে ফিরে যাও।"

একই পোস্টে সোনম ওয়াংচুককেও অনশন শেষ করার অনুরোধ জানিয়ে রসিকতার সুরে লিখেছিলেন, "সোনম, আর বাড়িও না ভাই। খাবার দরকার হলে আমি বাড়ি থেকে পাঠিয়ে দিচ্ছি।" সালমানের এই মন্তব্যের পরপরই সমাজকর্মী সোনম ওয়াংচুক হাসপাতালে অনশন শেষ করলেও, অনলাইন মাধ্যমে সালমানের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করা হয়। অনেকে তাঁকে "সরকারের ভয়ে ভীত" বা "ক্যামেরার সামনে সিংহ, কিন্তু বাস্তবে..." বলে কটাক্ষ করেন।

ধারণা করা হচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে এই চরম কটাক্ষ ও ট্রোলের উত্তর দিতেই পুরোনো হিন্দি চলচ্চিত্রের কালজয়ী সংলাপ স্মরণ করিয়ে দিয়ে ‘যে ভয় পায়, সে মরে যায়’ মন্তব্যটি করেছেন এই বলিউড তারকা।

মন্তব্য করুন