বিনামূল্যে ফেসবুক আইডি ভেরিফাই করার নতুন সুবিধা নিয়ে এলো মেটা

প্রকাশ: শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:১৩ অপরাহ্ণ
বিনামূল্যে ফেসবুক আইডি ভেরিফাই করার নতুন সুবিধা নিয়ে এলো মেটা
বিনামূল্যে নতুন ফেসবুক ভেরিফায়েড ব্যাজ ফিচার। (ছবি: সংগৃহীত)

প্রযুক্তি ডেস্কঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভেরিফায়েড ব্যাজ বা ‘নীল টিক’ এতদিন মূলত প্রখ্যাত ব্যক্তি, আন্তর্জাতিক প্রতিষ্ঠান কিংবা মাসিক নির্দিষ্ট অর্থ পরিশোধ করা ‘মেটা ভেরিফায়েড’ ব্যবহারকারীদের জন্যই সীমাবদ্ধ ছিল। তবে অনলাইনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি হওয়া ভুয়া প্রোফাইল ও প্রতারণা রুখতে এবার সাধারণ ব্যবহারকারীদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে আইডি ভেরিফাই করার সুযোগ নিয়ে আসছে এর অভিভাবক প্রতিষ্ঠান মেটা।

সম্প্রতি এক দাপ্তরিক ঘোষণায় মেটা জানিয়েছে, তারা সাধারণ প্রোফাইলের জন্য বিনামূল্যে 'ফেসবুক ভেরিফায়েড' (Facebook Verified) নামে একটি নতুন পরিচয় যাচাই ব্যাজ চালু করছে। এই ব্যবস্থার মূল উদ্দেশ্য হলো—কোনো একটি ফেসবুক অ্যাকাউন্টের পেছনে একজন রক্তমাংসের আসল মানুষ রয়েছেন তা নিশ্চিত করা।

কীভাবে কাজ করবে এই ভেরিফিকেশন?

মেটা জানায়, এই পরিচয় যাচাই প্রক্রিয়ায় ব্যবহারকারীকে তাঁর স্মার্টফোন থেকে একটি স্বল্প দৈর্ঘ্যের ভিডিও সেলফি রেকর্ড করে জমা দিতে হবে। মেটার নিজস্ব স্বয়ংক্রিয় প্রযুক্তি সেই ভিডিও সেলফির চেহারাকে অ্যাকাউন্টে বিদ্যমান প্রোফাইল ছবির সংগে মিলিয়ে দেখবে। সব তথ্য ও চেহারার মিল থাকলে মাত্র কয়েক মিনিটের মধ্যেই পুরো ভেরিফিকেশন প্রক্রিয়াটি সফলভাবে সম্পন্ন হবে।

কারা পাবেন এই ব্যাজ?

নতুন এই ব্যাজটির জন্য আবেদন করতে গ্রাহককে নির্দিষ্ট কিছু প্রাথমিক যোগ্যতা পূরণ করতে হবে:

  • ব্যবহারকারীর বয়স সর্বনিম্ন ১৮ বছর বা তার বেশি হতে হবে।

  • ফেসবুক অ্যাকাউন্টটি অবশ্যই প্ল্যাটফর্মের নির্দেশিকা ও কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে সচল থাকতে হবে।

  • প্রোফাইলে পূর্বে কোনো প্রতারণা, ভুয়া পরিচয় বা সন্দেহজনক কর্মকাণ্ডের ইতিহাস থাকা যাবে না।

  • সফলভাবে ভিডিও সেলফি ও প্রোফাইল পিকচার ম্যাচ হতে হবে।

ভেরিফিকেশন সম্পন্ন হলে প্রাথমিক পর্যায়ে ব্যাজটি ওই ব্যক্তির প্রোফাইল, ফেসবুক মার্কেটপ্লেস, বিভিন্ন ফেসবুক গ্রুপ এবং ফেসবুক ডেটিং প্ল্যাটফর্মে দৃশ্যমান হবে। পরবর্তীতে ব্যবহারকারীদের নিউজ ফিডের পোস্টেও এটি যুক্ত করার পরিকল্পনা রয়েছে মেটার।

'মেটা ভেরিফাইড' ও ফ্রি 'ফেসবুক ভেরিফায়েড'-এর পার্থক্য

সাধারণ ব্যবহারকারীরা যাতে এই দুটি সুবিধার সংগে গুলিয়ে না ফেলেন, সে বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।

নতুন ‘ফেসবুক ভেরিফায়েড’ সেবাটি সবার জন্য সম্পূর্ণ ফ্রি এবং এটি কেবল একজন ব্যবহারকারীর বাস্তব সত্তা বা পরিচয় নিশ্চিত করে। এতে কোনো অতিরিক্ত প্রিমিয়াম বা অগ্রাধিকার সুবিধা থাকবে না।

অন্যদিকে ‘মেটা ভেরিফাইড’ (Meta Verified) একটি পেইড সাবস্ক্রিপশনভিত্তিক সেবা। এতে নির্ধারিত মাসিক ফি দিয়ে ভেরিফায়েড ব্যাজের পাশাপাশি সরাসরি সাপোর্ট এজেন্টের সহায়তা, হ্যাকিং বা ছদ্মবেশীদের হাত থেকে অতিরিক্ত সুরক্ষা এবং বিভিন্ন উন্নত প্রোফাইল ফিচার সুবিধা উপভোগ করা যায়।

মেটা জানিয়েছে, এআই প্রযুক্তির ব্যাপক প্রসারের কারণে সম্প্রতি ভুয়া ছবি ও ভুয়া বায়ো ব্যবহার করে অপরাধমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনকভাবে বেড়েছে। এই স্বাধীন ও ফ্রি ব্যাজ ব্যবহারকারীকে নিশ্চিত করবে যে তারা যার সাথে কথা বলছেন তিনি একজন আসল ব্যক্তি। প্রাথমিকভাবে নির্বাচিত কিছু দেশে পরীক্ষামূলকভাবে চালুর পর পর্যায়ক্রমে বিশ্বব্যাপী এটি সবার জন্য উন্মুক্ত করা হবে।

মন্তব্য করুন