বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্তকে ছুরিকাঘাতে হত্যা

প্রকাশ: শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১২:৫৯ অপরাহ্ণ
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্তকে ছুরিকাঘাতে হত্যা
বাগেরহাটে নিহত আইনজীবী নিজাম উদ্দিন শান্ত ও দুর্ঘটনাস্থল (ফাইল ছবি)।

মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি : বাগেরহাট শহরে গভীর রাতে নিজ বাড়িতে ফেরার পথে দুর্বৃত্তদের ভয়াবহ ছুরিকাঘাতে এক আইনজীবী নিহত হয়েছেন। হৃদয়বিদারক এ ঘটনায় গোটা এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আজ শনিবার (২৫ জুলাই) রাত আনুমানিক ১টার দিকে বাগেরহাট শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আইনজীবীর নাম নিজাম উদ্দিন শান্ত (৪২)। তিনি বাগেরহাট সদর উপজেলার পশ্চিমভাগ গ্রামের বাসিন্দা তোরাব আলীর ছেলে। নিজাম উদ্দিন শান্ত বাগেরহাট জেলা আইনজীবী সমিতির একজন নিয়মিত সদস্য হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কাজ শেষে শহর থেকে নিজ বাড়িতে ফিরছিলেন আইনজীবী শান্ত। পথে হাড়িখালী তেঁতুলতলা এলাকায় পৌঁছালে ওনার ওপর অতর্কিত হামলা চালায় একদল দুর্বৃত্ত। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা দৃশ্যটি দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে বাগেরহাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওনার মরদেহ উদ্ধার করে।

এ ঘটনার পেছনে কারণ কী বা কারা জড়িত, তা অনুসন্ধানে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী।

মন্তব্য করুন