ভারতে নিট পরীক্ষা বিতর্ক: মধ্যরাতে ভিডিও বার্তা মোদির, দেশজুড়ে আন্দোলনের তোপ

প্রকাশ: শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১২:৫৯ অপরাহ্ণ
ভারতে নিট পরীক্ষা বিতর্ক: মধ্যরাতে ভিডিও বার্তা মোদির, দেশজুড়ে আন্দোলনের তোপ
নরেন্দ্র মোদি, ভারত, নিট পরীক্ষা, শিক্ষামন্ত্রী, ধর্মেন্দ্র প্রধান, সিজেপি, খবর

অনলাইন ডেস্ক: ভারতে নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনকারীদের ২৪ ঘণ্টার আলটিমেটামের মধ্যেই শুক্রবার মধ্যরাতে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরীক্ষা ব্যবস্থার সংস্কার ও প্রশ্নপত্র ফাঁস নিয়ে নিজের প্রকাশিত পূর্ববর্তী ভিডিও বার্তায় ইতিবাচক সাড়া দেওয়া ও গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার জন্য দেশের তরুণদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তিনি।

একই সঙ্গে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী মোদি আশ্বাস দিয়ে জানান, প্রশ্নপত্র ফাঁসের মতো গুরুতর অপরাধে জড়িতদের দ্রুততম সময়ে বিচারের মুখোমুখি করতে বিশেষ আদালত গঠন করা হবে। এছাড়া অপরাধীদের কঠোর শাস্তির বিধান রেখে আগামী সপ্তাহের মধ্যেই মন্ত্রিসভার অনুমোদনক্রমে সংসদে নতুন একটি খসড়া বিল উত্থাপন ও পাসের চেষ্টা করবে সরকার।

ইনস্টাগ্রামে প্রকাশিত ওই ভিডিও বার্তায় নরেন্দ্র মোদি বলেন, "বন্ধুরা, ধন্যবাদ। আপনারা আমার আগের ভিডিওটি দেখে যেভাবে ইতিবাচক মতামত ও পরামর্শ দিয়েছেন, তার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। আপনাদের ভালোবাসা ও সমর্থন যেন এভাবেই থাকে এবং আমাদের এই সম্পর্ক আরও দৃঢ় ও সক্রিয় হয়ে উঠুক।" ক্যাপশনেও তিনি পরামর্শ পাঠানো তরুণদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগের ভিডিওতে প্রধানমন্ত্রী স্বীকার করেন, প্রশ্নপত্র ফাঁস কোনো সাধারণ বিষয় নয়; এটি লাখ লাখ শিক্ষার্থী ও তাঁদের পরিবারের জন্য অত্যন্ত কষ্টদায়ক। সরকার গত আড়াই মাসে জড়িতদের গ্রেপ্তারসহ একাধিক পদক্ষেপ নিয়েছে এবং প্রায় ২২ লাখ শিক্ষার্থীকে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিয়ে গত ১৯ জুলাই ফল প্রকাশ করেছে বলে তিনি জানান।

এদিকে, প্রশ্নপত্র ফাঁসকাণ্ডের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অপসারণ চেয়ে শুক্রবার সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেয় আন্দোলনকারী সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। আজ শনিবার দুপুরের মধ্যে তাদের এই মূল দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত না এলে দেশজুড়ে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির পাশাপাশি কলকাতা, মুম্বাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদসহ ভারতের প্রধান প্রধান শহরগুলোতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। দিল্লির কনস্টিটিউশন ক্লাবে সিজেপি প্রতিনিধিদলের সঙ্গে সরকারের দ্বিতীয় দফা বৈঠকের পর দলটির মুখপাত্র আশুতোষ রাঙ্কা জানান, সরকার শনিবার দুপুর পর্যন্ত সময় চেয়েছে। তবে তাঁদের মূল দাবি—শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না আন্দোলনকারীরা।

যদিও পরিস্থিতি সামাল দিতে উচ্চশিক্ষা সচিব বিনীত জোশিকে বদলি এবং জাতীয় পরীক্ষা সংস্থা (এনটিএ) থেকে ৪৭ জন কর্মচারীকে ইতিমধ্যেই বরখাস্ত করেছে কেন্দ্র সরকার, তবুও শিক্ষার্থীদের ক্ষোভ কমেনি। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের পর মানসিক চাপে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের দাবিও তুলেছে তারা।

অন্যদিকে, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বিজেপির শীর্ষ নেতৃত্বের পূর্ণ সমর্থন থাকায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে এই মুহূর্তে সরানোর কোনো পরিকল্পনা নেই কেন্দ্রীয় সরকারের।

মন্তব্য করুন