বিশ্বজয়ী হাফেজ নুরুদ্দিনকে চরমোনাই পীরের সংবর্ধনা

প্রকাশ: শনিবার, ২২ আগস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ণ
বিশ্বজয়ী হাফেজ নুরুদ্দিনকে চরমোনাই পীরের সংবর্ধনা

সকালবেলা প্রতিবেদক: সৌদি আরবে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১৩৩টি দেশকে পেছনে ফেলে ১৫ পারা বিভাগে বিশ্বমঞ্চে প্রথম স্থান অর্জনকারী বাংলাদেশি হাফেজ মো. নুরুদ্দিন জাকারিয়াকে সংবর্ধনা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।

শনিবার (২২ আগস্ট) দুপুরে বরিশালের ঐতিহ্যবাহী চরমোনাই জামেয়া রশিদিয়া আহসানাবাদ দরবারে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব শেখ ফজলুল করীম মারুফ জানান, হাফেজ নুরুদ্দিন জাকারিয়ার বিশ্বজয়ের কৃতিত্বে চরমোনাই পীর তাঁকে, তাঁর পিতা মাওলানা নুরুল আমিন এবং তাঁর শিক্ষক আর-রায়হান মাদ্রাসার অধ্যক্ষ মুফতি কাইয়ুম মোল্লাকে দরবারে আমন্ত্রণ জানান। মধ্যাহ্নে আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

তিনি আরও জানান, উক্ত প্রতিযোগিতায় পূর্ণ ৩০ পারা বিভাগে তৃতীয় স্থান অর্জনকারী হাফেজ মাহমুদুল হাসান আশরাফীকেও একইভাবে সংবর্ধিত করা হবে। পাশাপাশি বিজয়ী নারী প্রতিযোগীদের কাছেও বিশেষ অভিনন্দনপত্র পাঠানো হবে।

সংবর্ধনা সভায় চরমোনাই পীর বলেন, "আমাদের খুদে হাফেজরা দীর্ঘদিন ধরে বিশ্বমঞ্চে শত দেশের প্রতিযোগীদের হারিয়ে অনন্য সাফল্য অর্জন করছে। বিশ্বজুড়ে বাংলাদেশের সুনাম বৃদ্ধি করা এই হাফেজদের রাষ্ট্রীয় মর্যাদায় ভূষিত করা উচিত। তাঁদের এই আন্তর্জাতিক অর্জনকে জাতীয় পর্যায়ে উদযাপনের উদ্যোগ গ্রহণ আবশ্যক।"

অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, প্রিন্সিপাল মুসাদ্দেক বিল্লাহ আল মাদানী, সহকারী মহাসচিব মাওলানা সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের ও কেন্দ্রীয় মিডিয়া সেলের সমন্বয়ক হাসিব আর রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন