মানবাধিকার সুরক্ষায় সচেতনতার ডাক, সম্পন্ন ৩য় জাতীয় মানবাধিকার অলিম্পিয়াড
নিজস্ব প্রতিবেদক: হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) উদ্যোগে এবং সুইজারল্যান্ড দূতাবাসের সহযোগিতায় ‘৩য় জাতীয় মানবাধিকার অলিম্পিয়াড ২০২৬’-এর চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষা, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান শুক্রবার (২১ আগস্ট) ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী এই বিস্তৃত কর্মসূচির অংশ হিসেবে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাজুল ইসলাম লেকচার হলে চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক ড. আব্দুল্লাহ ফারুক মাল্টিপারপাস হলে বিজযীদের মাঝে পুরস্কার বিতরণ ও সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়।
পূর্বে গত ১৪ আগস্ট দেশের ৪টি বিভাগে একযোগে স্থানীয় পর্যায়ের বাছাই পর্ব আয়োজিত হয়েছিল। সারা দেশ থেকে নিবন্ধিত প্রায় ১ হাজার ৩০০ জন শিক্ষার্থীর মধ্য থেকে বিভিন্ন ধাপ পেরিয়ে মনোনীত শীর্ষ ৫০ জন শিক্ষার্থী ঢাকায় আয়োজিত মূল পর্বে অংশ নেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুইজারল্যান্ড দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স আলবের্তো জোভানেত্তি বলেন, "মানবাধিকার সুরক্ষায় ভূমিকা রাখতে হলে কোনো নির্দিষ্ট পেশাজীবী হওয়ার প্রয়োজন নেই। পরিবার, বন্ধু ও প্রতিবেশীদের অধিকার এবং মর্যাদাকে সম্মান জানানোর মধ্য দিয়েই প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে পারেন।"
অনুষ্ঠানের সকালে গুম সংক্রান্ত কমিশনের সাবেক সদস্য ও মানবাধিকারকর্মী নূর খান লিটন তরুণদের মাঝে মানবাধিকারের সমতা, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের চেতনা গড়ে তোলার তাগিদ দেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বাস্তব জীবনে মানবাধিকার মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন।
|