ভালুকায় বন্ধ ঘর থেকে কৃষকের লাশ উদ্ধার
মোঃ জাকির হোসাইন রাজু, ময়মনসিংহ (ভালুকা) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় নিজ বসতঘরের দরজা ভেঙে চাঁন মিয়া (৫৫) নামের এক কৃষকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা-পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যার দিকে কাচিনা ইউনিয়নের পালগাঁও কামারিয়া গ্রামে নিজ ঘরের খাটের নিচে পড়ে থাকা অবস্থায় তাঁর লাশটি পাওয়া যায়।
নিহত চাঁন মিয়া ওই গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের কারণে দুই স্ত্রীর সঙ্গেই তাঁর বিচ্ছেদ ঘটেছিল। ফলে তিনি বাড়িতে একা বাস করতেন। তাঁর দ্বিতীয় স্ত্রীর গর্ভে ১৫-১৬ বছর বয়সী এক প্রতিবন্ধী সন্তান রয়েছে, যে স্থানীয় একটি মাদ্রাসায় থাকে।
স্থানীয় বাসিন্দা ও স্বজনেরা জানান, শারীরিক অসুস্থতার কারণে গত ১৬ আগস্ট থেকে চাঁন মিয়া ঘরের ভেতরে অবস্থান করছিলেন। শুক্রবার সন্ধ্যায় ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা জানালায় উঁকি দিয়ে পচন ধরা লাশ দেখতে পান।
পরে রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর দিলে ভালুকা মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে সুরতহাল প্রতিবেদন তৈরির জন্য লাশটি উদ্ধার করে।
ভালুকা মডেল থানা সূত্রে জানা গেছে, মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধানে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এআইএল/সকালবেলা
|