১৬ হাজার মেরিট পজিশন নিয়েও কুবিতে ফার্মেসিতে ভর্তি, বিরূপ প্রতিক্রিয়া

১৬ হাজার মেরিট পজিশন নিয়েও কুবিতে ফার্মেসিতে ভর্তি, বিরূপ প্রতিক্রিয়া

বি এম ফয়সাল, কুমিল্লা বিশ্ববিদ্যালয়: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ১৬ হাজার ২৮৪তম পজিশন নিয়ে মুক্তিযোদ্ধা কোটায় ফার্মেসি বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন এক শিক্ষার্থী। অত্যন্ত প্রতিযোগিতামূলক এই বিভাগে এত পেছনের র‍্যাঙ্ক নিয়ে ভর্তির সুযোগ পাওয়ার বিষয়টি সামনে আসার পর সাধারণ শিক্ষার্থীদের মাঝে তীব্র বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

গত ৩০ জানুয়ারি অনুষ্ঠিত বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ভর্তি পরীক্ষায় ৩১ হাজার ২২৯ জন অংশ নিয়ে ১৭ হাজার ২০৯ জন উত্তীর্ণ হন। উত্তীর্ণদের মধ্যে ১৬ হাজার ২৮৪তম হয়েও কোটার সুবিধায় শীর্ষ সারির সাবজেক্ট পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নানা আলোচনা। শিক্ষার্থীদের প্রশ্ন, স্বাধীনতার এত বছর পরও কীভাবে কোটার মাধ্যমে এমন বিশাল ব্যবধানে ভর্তির সুযোগ দেওয়া হচ্ছে।

এ বিষয়ে 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষার আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ সাইফুর রহমান জানান, মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য সরকারের যে প্রজ্ঞাপন রয়েছে, সেই অনুযায়ী ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তবে তিনি স্পষ্ট করেন যে, এই সুযোগ শুধুমাত্র সন্তানদের জন্য, নাতি-নাতনিদের জন্য নয়। তিনি আরও বলেন, যদি আবেদনকারী প্রকৃতপক্ষেই মুক্তিযোদ্ধার সন্তান হন এবং যোগ্য হন, তবে তাঁর পজিশন ২০ হাজার হলেও নিয়মানুযায়ী প্রশাসনের কিছু করার থাকে না।

অন্যদিকে ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির প্রধান অধ্যাপক ড. মোঃ তোফায়েল আহমেদ জানান, আবেদনের সময় সবার কাগজপত্র যাচাই করা সম্ভব হয় না। তবে ভর্তির চূড়ান্ত পর্যায়ে কঠোরভাবে কাগজপত্র যাচাই করা হচ্ছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, কোটায় ভর্তি হতে আসা দুজন শিক্ষার্থী সঠিক প্রমাণ দেখাতে না পারায় তাদের ভর্তি নেওয়া হয়নি। মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে কেউ যদি প্রকৃত সন্তান হিসেবে উপযুক্ত প্রমাণপত্র দেখাতে ব্যর্থ হয়, তবে কোনোভাবেই তাকে ভর্তি করা হবে না বলে তিনি আশ্বস্ত করেন।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন