২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক:দেশে অব্যাহত রয়েছে প্রাণঘাতী হাম ও এর বিভিন্ন জটিল উপসর্গের প্রকোপ। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১০৪ জন এবং হামের মারাত্মক উপসর্গ নিয়ে ১ হাজার ১১০ জনসহ মোট ১ হাজার ২১৪ জনের প্রাণহানি ঘটেছে।
আজ শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এই আশঙ্কাজনক তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সর্বোচ্চ তিনজন মারা গেছেন সিলেট বিভাগে।
একই সময়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে নতুন করে হাম ও এর উপসর্গ নিয়ে ১ হাজার ১৩৫ জন রোগী ভর্তি হয়েছেন। বিভাগভিত্তিক আক্রান্তের হিসেবে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫৫৮ জন রোগী ভর্তি হন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ১৯৪ জন, বরিশালে ১১৫ জন, সিলেটে ৯৪ জন, ময়মনসিংহে ৬৫ জন, খুলনায় ৬০ জন, রংপুরে ২৪ জন এবং রাজশাহী বিভাগে ২০ জন নতুন রোগী ভর্তি হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সার্বিক তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৯৪ হাজার ৬ ৩৩ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে সফল চিকিৎসা শেষে সুস্থ হয়ে ১ লাখ ৮৬ হাজার ৭৯৮ জন রোগী হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরেছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৮৭০ জনে। যার মধ্যে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত প্রমাণিত হয়েছেন ২৩ হাজার ২৭৩ জন। প্রাদুর্ভাব রুখতে স্বাস্থ্য বিভাগ টিকাদান ও সচেতনতামূলক তৎপরতা জোরদার করেছে।
সকালবেলা / নুসরাত