ফেনীতে প্রধান শিক্ষকের দুর্নীতির অভিযোগে মানববন্ধন

আমিরুল ইসলাম
প্রকাশ: সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ণ
ফেনীতে প্রধান শিক্ষকের দুর্নীতির অভিযোগে মানববন্ধন

জহিরুল হক মিলন, ফেনী: ফেনী পৌরসভার ১৫নং ওয়ার্ডস্থ মধুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.টি.এম সামছুল হক চৌধুরীর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগে মানববন্ধন করেছে এলাকাবাসী। 

সোমবার (২৭ এপ্রিল) সকালে বিদ্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

বিদ্যালয়টির প্রতিষ্ঠাকালীন সদস্য ও সাবেক কাউন্সিলর মনির আহমদ বাচ্চুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা প্রধান শিক্ষকের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে ধরেন। তাদের দাবি, প্রধান শিক্ষক নিয়মনীতির তোয়াক্কা না করে নিজের ইচ্ছামতো শিক্ষক-কর্মচারীদের বেতন বৃদ্ধি করেছেন এবং এর প্রতিবাদ করায় বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মো. ইলিয়াসকে শোকজ করা হয়েছে।

বক্তারা আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে নন-এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এই বিদ্যালয়ের নামে রেজিস্ট্রেশন করিয়ে মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করা হয়েছে। ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে বোর্ড নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত ৭,৮০০ টাকা করে আদায় করা হলেও কোনো রসিদ দেওয়া হয়নি। এছাড়া বিদ্যালয়ের পুরাতন সম্পদ বিক্রির অর্থ এবং সাধারণ তহবিল ব্যক্তিগতভাবে ব্যবহারের অভিযোগও আনা হয় তার বিরুদ্ধে।

মানববন্ধনে দাবি করা হয়, প্রধান শিক্ষক মাসে গড়ে ১০ দিনও বিদ্যালয়ে আসেন না এবং একদিনে কয়েকদিনের স্বাক্ষর করেন। এছাড়া নিজের পছন্দমতো এডহক কমিটি গঠন এবং সহকারী প্রধান শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগও তুলে ধরা হয়।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বিদ্যালয়ে গেলে শিক্ষকরা জানান, প্রধান শিক্ষক এ.টি.এম সামছুল হক চৌধুরী বর্তমানে হজব্রত পালনের জন্য ছুটিতে রয়েছেন। এ কারণে তার তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন